ফরিদপুরের মধুখালীতে রবিউল আউয়াল আলফাদ নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, একমি কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার বিক্রয় প্রতিনিধি রবিউল আউয়াল আলফাদ নওপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে কালেকশন শেষে বাগাট বাজারের উদ্দেশে রওনা দেন। পথে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় একাধিক মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে রবিউল আউয়াল আলফাদ বলেন, ‘সারা দিন মধুখালী উপজেলার বিভিন্ন বাজার গিয়ে বকেয়া টাকা কালেকশন করি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওপাড়া বাজার থেকে কালেকশনের টাকাসহ বাগাট বাজারের উদ্দেশে রওনা হই। পথে তারাপুর খেয়াঘাট নির্জন এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ে একাধিক ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে কুপিয়ে জখম করে। এ সময় আমার কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমার চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়ের মোবাইল নাম্বারে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
এ বিষয়টি নিয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান জানান, বিষয়টি জানার পর একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই বিক্রয় প্রতিনিধিকে নিয়ে ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে।
এনকেবি নয়ন/তামান্না রুপা/