শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পঙ্গু হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও-এ ‘উচ্চশিক্ষায় বৈশ্বিক মান: বাংলাদেশের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ওয়াহিদউদ্দিন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শুধু রাজনৈতিক আলাপ হয়। মেধাবী শিক্ষকরা আড়ালে পড়ে থাকেন। কেন তাদের আড়ালে থাকা বা কোণঠাসা হয়ে থাকা তা জানতে হবে। শিক্ষকদের লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতি, ছাত্ররাজনীতির নামে ক্ষমতার প্রদর্শন চলে। শিক্ষক নিয়োগেও রয়েছে অনিয়ম যা আমি ছাত্রাবস্থায় থাকার সময় ছিল না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পঙ্গু হওয়ার পথে। এত অসুবিধা ও সমস্যার মাঝেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো অনেক শিক্ষক আছেন যারা আন্তর্জাতিক মানের উচ্চপর্যায়ের গবেষক।’
নিয়োগে রাজনৈতিক দলীয়করণ হওয়ায় সরকার পরিবর্তনের পর উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পদধারীদের চলে যেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এসব উচ্চপদে যান তাদের গবেষণায় যদি পাঁচ থেকে ১০ হাজার সাইটেশন থাকে সেক্ষেত্রে এই মানুষগুলো রাজনীতি করার আদৌ সময় পেতেন না। শিক্ষকদের দলীয় রাজনীতি মুদ্রার এক পিঠ। মেধার অবমূল্যায়ন মুদ্রার অন্য পিঠ। শিক্ষকদের প্রশাসনিক দক্ষতারও প্রয়োজন আছে।’
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘দেশের শিক্ষাঙ্গনে নানান সংকট সৃষ্টি হয়েছে। এখানে রীতিমতো দুর্বৃত্তায়ন করা হয়েছে। আমরা সেগুলো বন্ধ করতে কাজ করছি, সেজন্য আমরা উপাচার্যসহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়ে আসছি। আমরা দেশের বাইরে থাকা ভালো শিক্ষক এবং গবেষকদের ফিরিয়ে আনতে কাজ করছি।’
এ সময় তিনি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরির পর যোগ্য শিক্ষক না থাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে শিক্ষক সংকট থাকায় সেখান থেকে তৈরি হওয়া গ্র্যাজুয়েটদের কর্মজীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
কবির/সালমান/