বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী এবং বর্তমানে বাংলাদেশে চলমান ‘যুব উৎসব’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাহরাইনে প্রথমবারের মতো প্রসিদ্ধ ডানা মলে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৫’ এর জমকালো আয়োজনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) লুলু হাইপার মার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় এই আয়োজনের উদ্বাধন করা হয়।
তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ নতুন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং বৈচিত্র্যের সমাহার বিদেশীদের নিকট তুলে ধরতেই এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটিতে বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও মহাপরিচালক (দ্বিপাক্ষিক) রাষ্ট্রদূত শেখ আব্দুল্লাহ বিন আলী আল খালিফা, বাহরাইন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দেশীয় ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারী শেখ হামাদ বিন সালমান আল খালিফা, বাহরাইনের শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এলএমআরএ) প্রধান নির্বাহী কর্মকর্তা নিবরাস মোহাম্মদ তালিব এবং বাহরাইন প্রতিনিধি পরিষদের সংসদ সদস্য মুহাম্মদ জানাহিসহ বাহরাইন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কোরের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর এবং সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন সম্বলিত দৃশ্যসমূহের একটি বিশেষ আলোকচিত্র বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে বাহরাইনের বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের তিনটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। এ ছাড়া চোখ ধাঁধানো বাংলাদেশি চিত্র প্রদর্শনী, সুস্বাদু খাবার এবং হরেক রকমের দেশীয় স্টল তৈরি করেছিল বাহরাইনে এক টুকরো বাংলাদেশের আবহ।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস তার স্বাগত বক্তব্যে বলেন, ‘তিন দিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালটি আয়োজন করা হয়েছে, বিদেশের মাটিতে আমাদের দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য।’ তিনি আগত অতিথিদের ধন্যবাদ জানান।
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সম্মান বাড়লে আমাদের সকলের সম্মান বেড়ে যায়, তাই তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে দূতাবাসের পাশাপাশি সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের গেস্ট অব অনার বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও মহাপরিচালক (দ্বিপাক্ষিক) রাষ্ট্রদূত শেখ আব্দুল্লাহ বিন আলী আল খালিফা তার বক্তব্যে দূতাবাসের এরকম উৎসব আয়োজনের জন্য চার্জ দ্যা অ্যাফেয়ার্সের ভূয়সী প্রশংসা করেন এবং এ আয়োজনের মাধ্যমে বাহরাইন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় ও টেকসই হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
তাওফিক/