বর্তমান প্রতিযোগিতার যুগে সফল ক্যারিয়ার গড়তে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিশেষ স্কিল বা দক্ষতা থাকা খুবই প্রয়োজন। তবে কিছু কিছু স্কিল আছে যা প্রায় সব ক্যারিয়ারেই প্রয়োজন হয়। আজ আমরা জেনে নেব এমন ৫টি সাধারণ দক্ষতা সম্পর্কে।
যোগাযোগের দক্ষতা
যোগাযোগ ছাড়া প্রফেশনাল কাজ সম্পন্ন করা অসম্ভব। ভাষার ওপর চমৎকার দক্ষতা থাকলে আপনি ক্লায়েন্ট থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীর সঙ্গে খুব সহজে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন।
আমাদের দেশে কর্মীর বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা চান প্রায় সব চাকরিদাতা। মৌখিক ও লিখিত’র ওপর নিয়মিত অনুশীলন করলে আপনিও পরিষ্কারভাবে নিজেকে অন্যদের কাছে তুলে ধরতে পারবেন। বক্তৃতা বা প্রেজেন্টেশন দেওয়ার গুণ থাকলে তা আরও ভালো হবে আপনার জন্য।
তথ্যপ্রযুক্তির জ্ঞান
প্রায় সব ধরনের অফিসে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার এখন সাধারণ একটি ব্যাপার। তাই তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পর্কিত পেশাতে না থাকলেও এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ের জ্ঞান রাখা জরুরি। যেমন- পেশাদারি কায়দায় ইমেইল লেখা, ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের (উদাহরণ: মাইক্রোসফট ওয়ার্ড) মাধ্যমে ডকুমেন্ট তৈরি করা, স্প্রেডশিটের (উদাহরণ: মাইক্রোসফট এক্সেল) মাধ্যমে হিসাব-নিকাশ বা বাজেটের কাজ করা, প্রেজেন্টেশন সফটওয়্যারের (উদাহরণ: মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট) মাধ্যমে মিটিং বা সেমিনারে তথ্য-উপাত্ত উপস্থাপন করা।
বিশ্লেষণী ক্ষমতা
নিজের কাজ ঠিকভাবে করতে হলে এর প্রতিটা দিক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এর জন্য আপনাকে বিশ্লেষণী ক্ষমতার অধিকারী হতে হবে। তাই কোনো বিষয় সম্পর্কে মতামত বা সিদ্ধান্তে আসার আগে এর বিভিন্ন দিক নিয়ে যৌক্তিক চিন্তা করুন।
রিপোর্ট লেখার দক্ষতা
আপনি যে পেশাতেই থাকুন না কেন, বিভিন্ন প্রয়োজনে ও সময়ে আপনাকে কাজের রিপোর্ট লিখতে হবে। দক্ষভাবে এ কাজ করতে পারলে আপনি নিজের ও প্রতিষ্ঠানের কাজের অগ্রগতির হিসাব রাখতে পারবেন।
সমস্যা সমাধানের দক্ষতা
পেশাদারি কাজ করা মানেই হলো ছোট-বড় বিভিন্ন সমস্যার সমাধান করা। তাই যেকোনো পরিস্থিতিতে সমস্যার সমাধান করতে পারাকে সৃজনশীল একটি গুণ হিসেবে বিবেচনা করা হয়।
আজকাল নতুন কর্মী নিয়োগের ইন্টারভিউতে বহু নিয়োগদাতা সম্ভাব্য সমস্যায় করণীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। এর মাধ্যমে চাকরিপ্রার্থীর উপস্থিত বুদ্ধিমত্তা যাচাই করেন তারা।
স্কিলের মাধ্যমে আপনি ব্যক্তিজীবন এবং কর্মক্ষেত্র উভয় ক্ষেত্রেই সুফল পেতে পারেন। দক্ষতা অর্জন করতে পারলে আপনি আপনার লক্ষ্যে সহজেই পৌঁছাতে পারবেন।
তারেক/