দেশের জনপ্রিয় তারকা শাকিব খান। কসমেটিকস, স্ক্রিন কেয়ার, পারসোনাল কেয়ার ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। এরপর এই প্রতিষ্ঠানে অনেক জনপ্রিয় তারকারা যুক্ত হয়েছেন। এবার শাকিব খানের ডাকে একই প্রতিষ্ঠানে যুক্ত হলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
তিনি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। গতকাল ২৫ নভেম্বর দুপুরে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতিতে রিমার্ক-হারল্যানের সঙ্গে তাহসান চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান বলেন, ‘অথেনটিক কসমেটিকসের জন্য রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিশিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে। আমি খুবই উচ্ছ্বসিত এতে যোগ দিয়ে। শিগগিরই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার-প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।’
অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘তাহসানের মতো মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। রিমার্ক হারল্যান বিশ্বাস করে তার মতো গুণী মানুষের যুক্ত হওয়ায় একসঙ্গে পথচলা কোম্পানি সাফল্যকে বৃদ্ধি করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ রিমার্ক-হারল্যানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসান