ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় হঠাৎ দাবানল ছড়িয়ে পড়েছে। এখানে বাস করেন হলিউডের বহু তারকা। গত মঙ্গলবার থেকে ছড়িয়ে পড়া দাবানলে ইতোমধ্যে হলিউডের অনেক জনপ্রিয় তারকাদের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। তারকা সামাজিক মাধ্যম ও টেলিভিশনের সংবাদে তাদের ক্ষতিগ্রস্থ বাড়িঘরের খবর পাচ্ছেন।
জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। নিজেদের শখের বাড়িঘর হারিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকার কান্নায় ভেঙে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেক তারকা তাদের ব্যক্তিগত আইডিতে এসে দাবানল সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কী ভাবে ছড়াল আগুন।
লস অ্যাঞ্জেলসের মালিবুতে বাড়ি প্যারিস হিলটনের। দাবানলে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। টেলিভিশেনের সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। সেই দৃশ্যের কিছু অংশ নিজের সামাজিক যোগাযোাগমাধ্যমে শেয়ার করে তিনি হাহাকার জানিয়ে লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।’
তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল তার। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তার পরিবারের সদস্য এবং কর্মচারীরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে একেবারে ছাই। কোনওমতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের বাকিরা।
বিখ্যাত অভিনেতা জেমি লি কার্টিস সমাজমাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। তিনি কৃতজ্ঞ ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে, যাদের জন্য তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেয়ার করা ভিডিও দেখা গেছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তাঁরও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্রুদ্ধ তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে।
হাসান