জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী মাইলি সাইরাস। তার বাবাও বিখ্যাত ‘ওল্ড টাউন রোড’খ্যাত সংগীতশিল্পী বিলি রে সাইরাস এবং ভাই ট্রেস সাইরাস। কিন্তু বাবা ও ভাইয়ের মধ্যকার চলমান দ্বন্দ্বের কারণে নিজেকে পরিবার থেকে দূরে রেখেছেন মাইলি। এই সংগীতশিল্পীর ঘনিষ্ঠ এক সূত্র পিপল ম্যাগাজিনকে জানিয়েছে, মাইলি বর্তমানে যেকোনো প্রকার ঝামেলা থেকে নিজেকে দূরে রেখেছেন এবং জীবনের সবচেয়ে ভালো সময় পার করছেন।
সূত্রটি আরও উল্লেখ করেছে, মাইলি এসব পারিবারিক ঝামেলা নিজের জন্য বোঝা হিসেবে দেখতেন এবং নিজেকে এসব থেকে দূরে রাখার চেষ্টা করছিলেন। তিনি এসবে আর জড়াতে চান না।
কিছুদিন আগে বিলি রে সাইরাস লিবার্টি বলে তার পারফরম্যান্সের সময় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন। বিভ্রান্তিকর মুহূর্তগুলো দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তার ছেলে ট্রেস পরবর্তী সময়ে ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘মনে হচ্ছে, গোটা বিশ্ব বিলি রেকে পরাজিত করেছে। কিন্তু বিষয়টি সবাই বুঝলেও তিনি নিজে বুঝতে পারছেন না।’ এর পরই বাবা-ছেলের দ্বন্দ্ব চরমে পৌঁছায়।
এর আগে ২০২৪ সালের জুনে এক সাক্ষাৎকারে বাবা বিলি রেকে নিয়ে মাইলি বলেছিলেন, “আমার বাবার থেকে আমি ইতিবাচক-নেতিবাচক উভয় দিকই শিখেছি। আমার ক্যারিয়ারের শুরুর দিকে সমর্থনের জন্য বাবার প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমার মধ্যে ‘নারসিসিজম’-এর যে বৈশিষ্ট্য আছে সেটি বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি বলে আমার বিশ্বাস।”
তাদের ঘনিষ্ঠ আরেকটি সূত্র পিপল ম্যাগাজিনকে জানিয়েছে, মাইলি তার মায়ের সঙ্গে খুব ভালো এবং ইতিবাচক সম্পর্ক রয়েছে। তার মাকে নিয়ে তিনি অনেক সন্তুষ্ট।
হাসান