যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। তবে ‘দ্য উইকড’খ্যাত জনপ্রিয় এই তারকার ক্যারিয়ারের যাত্রাটা মোটেই সহজ ছিল না। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের আর্টস আওয়ারের সঙ্গে কথা বলেছেন এই সংগীতশিল্পী। সেখানে হলিউডে শিশু তারকা হিসেবে কী কী চ্যালেঞ্জের ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে, সেসব নিয়ে কথা বলেন তিনি।
৩১ বছর বয়সী এই মার্কিন তারকা বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে শিশু হিসেবে, একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বা যে কাউকে উন্নতি করতে হলে টিকে থাকতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে। এখানে বছরের পর বছর ধরে আমরা অনেক সুন্দর জিনিস শিখতে পেরেছি। যদিও ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা আমার জন্য মোটেও সহজ ছিল না।’
সম্প্রতি ‘কোয়েট অন সেট’ ডকুমেন্টারিতে সাবেক নিকেলোডিয়ান এক্সিকিউটিভ ড্যান শেনিডারের বিরুদ্ধে শিশুশিল্পীদের জন্য একটি বিরূপ কাজের পরিবেশ তৈরি করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরপরই শিশুদের নিয়ে এমন মন্তব্য করলেন আরিয়ানা।
এই সংগীতশিল্পী আরও বলেন, ‘আমি আশা করি, আমাদের ইন্ডাস্ট্রি শিশু এবং প্রাপ্তবয়স্কসহ সবার জন্য একটি সুরক্ষিত স্থান হবে। কিন্তু যারা এখনো পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না, তাদের নিয়ে আমি উদ্বিগ্ন। আশা রাখি, ইন্ডাস্ট্রিতে এই পরিস্থিতির পরিবর্তন হবে এবং আমরা সবাই এ বিষয়ে কথা বলার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে পারব।’
হাসান