ওয়েব সিনেমা ‘হাউ সুইট’। এটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। গত ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে এর মুক্তি পিছিয়ে গেছে। তবে ভালোবাসা দিবসে মুক্তি না পেলেও আসছে ঈদে ওয়েবফিল্মটি মুক্তি পাচ্ছে একই প্ল্যাটফর্মে- এমনটি জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এ ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।
এতে অভিনয় করছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঈদুর রহমান পাভেল।
এ সম্পর্কে কাজল আরেফিন অমি বলেন, ‘হাউ সুইট একটি রোমান্টিক কমেডি সিনেমা। রোমান্টিক গল্প ভাবলেই আমার মাথায় অপূর্বর নাম চলে আসে। ফারিণের সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা আছে। তাদের নিয়ে পরিপূর্ণ রোমান্টিক কমেডি সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, এটি দর্শকের ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে।’
সিনেমাটি নিয়ে অপূর্ব বলেন, ‘এই সিনেমার মাধ্যমে অনেক দিন পর অমির সঙ্গে কাজ করা হয়েছে। সিনেমার গল্পটা শুনেই কাজটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ ছাড়া দীর্ঘদিন ওটিটিতে ফারিণের সঙ্গেও আমার কোনো কাজ নেই। তাই আমি চাচ্ছিলাম এ রকম একটি কাজ দিয়ে পর্দায় আসার। সব মিলিয়ে ‘হাউ সুইট’ নিয়ে আমি খুব আশাবাদী।’
ফারিণ বলেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। ওটিটিতে এটি আমাদের দ্বিতীয় কাজ। আশা করছি ‘হাউ সুইট’-এর মাধ্যমে দর্শক এ জুটিকে নতুনভাবে আবিষ্কার করবেন।’
/শাকিল