সাবেক হলিউড দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ২০২২ সালের আগস্টে বিয়ের পর দুই মাস আগে বিচ্ছেদ ঘটে জনপ্রিয় এই জুটির। জানা গেছে, জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর বেন এখন আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি ভালো আছেন। পেজ সিক্সের প্রতিবেদন অনুসারে, অস্কারজয়ী এ অভিনেতার মেজাজ এখন অনেক ভালো এবং তিনি তার জীবনের এ নতুন পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।
বিষয়টি নিয়ে এ অভিনেতার ঘনিষ্ঠ এক ব্যক্তি পোর্টালটিকে জানিয়েছেন, বিচ্ছেদ চূড়ান্ত করার পর থেকে বেন তার আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি সুখী বোধ করছেন। যদিও এখনো এ মার্কিন তারকা সন্তানদের স্কুল সম্পর্কিত বিষয়গুলোর কারণে লোপেজের সঙ্গে যোগাযোগ রাখছেন, তবে কিছুটা দূরত্ব বজায় রেখে। প্রাক্তন স্ত্রীর প্রতি কোনো কঠোর মনোভাবও রাখতে চান না তিনি।
সূত্রটি আরও উল্লেখ করেছে, বেন অ্যাফ্লেক এই মুহূর্তে লোপেজের সঙ্গে কোনো প্রকার ঘনিষ্ঠতা বজায় রাখার কারণ দেখছেন না। ‘গিগলি’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে ২০০২ সালে দুজন প্রথম প্রেমে পড়েন। তারা বাগদানও করেন, কিন্তু ২০০৪ সালে হঠাৎ এ জুটির বিচ্ছেদ ঘটে যায়।
পরবর্তী সময়ে ফের তারা ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগান এবং ২০২১ সালে গিয়ে আবারও বাগদান সম্পন্ন করেন। ২০২২ সালের আগস্টে জর্জিয়ায় ব্যক্তিগত এক অনুষ্ঠানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের ঠিক দুই বছরের মাথায় এসে বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করে বসেন জেনিফার লোপেজ।
উল্লেখ্য, মার্কিন এ গায়িকা ও অভিনেত্রীকে বিয়ের আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জেনিফার গার্নারের সঙ্গে সংসার করেছেন অ্যাফ্লেক। তাদের এ সংসারেও তিনটি সন্তান রয়েছে। জানা গেছে, জেনিফার গার্নার ও বেন অ্যাফ্লেক বর্তমানে আবারও একসঙ্গে সময় কাটানো শুরু করেছেন।
/শাকিল