আসছে ঈদের জন্য নির্মিত নাটকে লাক্স তারকা মৌসুমী হামিদ এবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। নাজনীন হাসান খানের পরিচালনায় ‘দারোগা বউ জামাই আসামি’ শিরোনামে ব্যতিক্রমধর্মী গল্পভিত্তিক নাটকে দর্শকরা মৌসুমী হামিদকে এ চরিত্রে দেখতে পাবেন। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাজীব মণি দাস।
এ নাটকে মৌসুমী হামিদের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন আখম হাসান। এতে আরও অভিনয় করেছেন রেশমা আহমেদ, কাজী রাজু, ফরিদ হোসাইন, রিকি, মিহিরা মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে, স্ত্রী দারোগা বলে স্বামী অবহেলিত। স্ত্রীর দাপুটে সে কোনো কথাই বলতে পারে না। ডিউটির কারণে স্ত্রী পুষ্পিতা সব সময় থাকে ব্যস্ত। দিন নেই রাত নেই যখন-তখন ডিউটিতে যাওয়া লাগে। স্বামীকে ঠিকমতো সময় দিতে পারে না। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে। রানা মন খারাপ করে নদীর ধারে বসে থাকে। মায়ের কাছে নালিশ দিয়েও কোনো সমাধান পায় না রানা। উল্টো মা বোঝানোর চেষ্টা করে যে, বউমা যা করছে তাতো এই সংসারের জন্যই করছে। মনের দুঃখে গ্রাম ছেড়েই চলে যেতে মন চায় তার। শত্রুপক্ষ প্রতিশোধ নিতে রানাকে ফাঁসিয়ে দেয়। এক সকালে নদীর পাড়ে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে রানা এগিয়ে গিয়ে তুলে নেয়। হাতেনাতে ধরা পড়ে গ্রামবাসীর হাতে। দারোগা স্ত্রীর কাছ থেকে রক্ষা পায় না রানা। গ্রেপ্তার করে নিয়ে যায় আপন স্বামীকে।
নাটকে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘এ নাটকে আমি পুষ্পিতা নামে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। নাটকের গল্পটা অনেক ভালো। এ গল্পের মাধ্যমে অনেক ইতিবাচক মেসেজ আছে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘পুষ্পিতা যে চাকরি করে, কার জন্য করে, সংসারের জন্যই তো। তাহলে সে যে দিন-রাত পরিশ্রম করে বাসায় এসে উল্টো স্বামীর বাগবিতণ্ডার শিকার হচ্ছে, কর্মের অবমূল্যায়ন পাচ্ছে, সে সেটা মেনে নিতে পারে না। অথচ একই কাজ স্বামী করলে ঠিকই তার মূল্যায়ন ঠিকই পেত। এই পার্থক্যটাই গল্পের মূল প্রতিপাদ্য হিসেবে স্থান পেয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।’
পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘আমাদের পুরুষ শাসিত সমাজে পুরুষের পাশাপাশি সংসারে স্ত্রীরাও যে অবদান রাখতে পারে এবং সেই অবদানের সঠিক মূল্যায়ন না পাওয়া, কথায় কথায় স্ত্রীদের অযোগ্যতা, দায়িত্বহীনতাকে তুলে ধরে তুলোধুনো করা ইত্যাদি বিষয়গুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দারোগা বউ গল্পের পুষ্পিতা চরিত্র।’ আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
/ফারজানা ফাহমি