দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমার মধ্য দিয়ে প্রথম বড় পর্দায় অভিষেক করেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে দিয়েছিলেন। পরে আরও কয়েকটি নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তবে অভিনেত্রীর চেয়ে উপস্থাপিকা হিসেবেই দর্শকদের থেকে বেশি সমাদৃত হয়েছেন নাবিলা। এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপিকার তালিকা করতে গেলে আয়নাবাজি’খ্যাত এই অভিনেত্রীর নাম প্রথমদিকেই থাকবে।
এবার আসন্ন ঈদুল ফিতরেও উপস্থাপিকা হিসেবে টিভির পর্দায় আসছেন তিনি। প্রায় ৭ বছর পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় ফিরছেন এই উপস্থাপিকা ও অভিনেত্রী। ফিরছেন বলার কারণ ২০১৮ সালে তিনি প্রথমবারের মতো বিশেষ এই অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন। এটি প্রতি ঈদুল ফিতরে বিটিভির আয়োজিত বিশেষ একটি অনুষ্ঠান।
২০১৮ সালে সেবার নাবিলার সঙ্গে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সজল নূর। আর এবার ‘পুরোনো অনুষ্ঠানে’ ফেরার বেলায় নাবিলার সঙ্গী হিসেবে থাকবেন মামনুন ইমন। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানটির স্টুডিও পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হবে বলে জানা গেছে।
আনন্দমেলা নিয়ে অনুষ্ঠানের প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘এবারের অনুষ্ঠানটি আমরা বেশ বড়সড়ো পরিসরে সাজিয়েছি। এবারের আনন্দমেলায় দর্শকরা জনপ্রিয় সব তারকাদের সমাগম দেখতে পাবেন। পাশাপাশি অনুষ্ঠানে নাচের আয়োজনও থাকছে। বাকিটা জানতে হলে সবাইকে টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে।’
আনন্দমেলায় ফের কাজ করা প্রসঙ্গে নাবিলা গণমাধ্যমকে বলেন, ‘বিটিভির সিগনেচার কয়েকটি অনুষ্ঠানের মধ্যে ‘আনন্দমেলা’ অন্যতম। দীর্ঘদিন ধরে তারা অনুষ্ঠানটি করে যাচ্ছে। ছোটবেলায় আমরা বিটিভির সামনে বসে আনন্দমেলা দেখতাম। এই অনুষ্ঠানের প্রতি বাংলাদেশের মানুষের ভিন্ন রকমের আগ্রহও রয়েছে। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো অনুষ্ঠানটি আগ্রহের সহিত দেখে থাকেন। ভালো লাগছে যে, বিটিভি আবারও আমাকে আনন্দমেলায় উপস্থাপক হিসেবে ভেবেছে। অনুষ্ঠানটিতে ফিরতে পেরে অনেক ভালো লাগছে।’
উল্লেখ্য, চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেছিলেন এ উপস্থাপিকা ও অভিনেত্রী। কিন্তু এরপর থেকে সিনেমার চেয়ে নাটক ও উপস্থাপনায় বেশি মনোযোগী হয়ে পড়েন তিনি। ২০২৪ সালে শাকিব খানের বিপরীতে তার অভিনীত ‘তুফান’ ছবিটি মুক্তি পেলে অভিনয় দিয়ে নতুন করে লাইমলাইটে আসেন মাসুমা রহমান নাবিলা। সামনে এই উপস্থাপিকা ও অভিনেত্রীর আরও একটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে।
/শাকিল