‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’ স্লোগান নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজন করেছে ‘হিরোশিমা দিবস ২০২৫’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আজ ৬ আগস্ট বুধবার সন্ধ্যায় ‘ত্রিংশ শতাব্দী’ নাটকটির বিশেষ মঞ্চায়ন এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় ‘হিরোশিমা দিবস ২০২৫’ পালন করবে দলটি।
বাদল সরকারের মূল রচনা অবলম্বনে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনানির্ভর স্বপ্নদলের দেশ-বিদেশে যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
শান্তির স্বপক্ষে উদ্বুদ্ধকরণ ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ ২৪ বছর ধরে নিয়মিতভাবে ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে স্বপ্নদল।
হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হিরোশিমা দিবস ২০২৫’-এর অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত রয়েছে বিকাল ৫টা থেকে হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-ভিডিও-ইনস্টলেশন আর্ট প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় থাকছে যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ, যুদ্ধবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য এবং ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার ১২৭তম মঞ্চায়ন।
এ আয়োজনে স্বপ্নদলের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশে জাপান দূতাবাস, জাপানে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, দক্ষিণ আফ্রিকার মালাওইর নাট্যসংগঠন নাজকা আর্টস থিয়েটার, ফ্রান্সের নাট্যসংগঠন লা বেল ইকুইপ, অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন, ভারতের ঢাকুরিয়া নাট্যমুখ, শ্রীলংকার রেড অপেল ইন্টারন্যাশনাল থিয়েটার গ্যাদারিং, ভারতের নাট্যসংগঠন রিষড়া দূরায়ণ, জাপানের কাহাল গ্যালারি, ভারতের নাট্যপত্রিকা কলকাতা থিয়েটার গাইড প্রভৃতি।
যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’র মূলকাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি।
এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-মায়ানমার-গুলশানে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচকতা, বাংলাদেশের সাম্প্রতিক অমানবিক ঘটনাবলি এবং আরও নানা প্রসঙ্গ।
উল্লেখ্য, স্বপ্নদলের নিয়মিত ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন, ‘হিরোশিমা দিবস’ পালন প্রভৃতি যুদ্ধ-আণবিক অস্ত্রবিরোধী গুরুত্বপূর্ণ প্রয়াসের জন্য জাপান সরকার স্বপ্নদলকে আনুষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ ‘জাপান ফরেন মিনিস্টারস কমন্ডেশেন ২০১৯’ প্রদান করেছে।
/এমএস