পদাতিক নাট্য সংসদের ৩৬তম প্রযোজনা উইলিয়াম শেকসপিয়ারের নাটক ‘ম্যাকবেথ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নাটকটির ৫২তম মঞ্চায়ন হবে। প্রায় পাঁচ বছর নাটকটি আবার মঞ্চে নিয়মিত হচ্ছে। সৈয়দ শামসুল হকের অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
নাটকে দেখা যায়, স্কটিশ সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরে আসার পথে একদল রহস্যময় শক্তি তাদের পথ রোধ করে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে বলেছিল, ম্যাকবেথ হবে কডোর প্রধান ও পরে রাজা এবং ব্যাংকো হবে রাজার আদি পিতা। ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারে বিস্তারিত, উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয়। ম্যাকবেথকে প্ররোচিত করে রাজা ডানকানকে হত্যার।
নিজ বাড়িতে রাজাকে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ। রাজা হত্যার দায় কৌশলে এড়াতে একে একে হত্যা করেন ডানকানের দেহরক্ষী, ব্যাংকো, ম্যাকডাফের স্ত্রী-সন্তানদের। রহস্যময় শক্তিদের ভ্রান্তিতে ম্যাকবেথ ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী নয়। লেডি ম্যাকবেথ অনুতাপে দগ্ধ ও অসুস্থ হয়ে আত্মহননের পথ বেছে নেন। ইংল্যান্ডের রাজার সহায়তায় নিজ রাজ্য পুনরুদ্ধারে ডানকান পুত্র ম্যালকম ও ডোনালবেইন ম্যাকবেথ বাহিনীকে পরাজিত করে এবং ম্যাকডাফের অস্ত্রের আঘাতে সমাপ্তি ঘটে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা এক স্বেচ্ছাচারী ম্যাকবেথের।
নাটকে অভিনয় করেছেন শামছি আরা সায়েকা, মশিউর রহমান, শাখাওয়াত হোসেন শিমুল, জাবেদ পাটোয়ারী, জয়, তন্ময় বিশ্বাস, এসএম লিমন, শরিফুল ইসলাম, জিয়া, পলাশ ও রিফাত। পোশাক পরিকল্পনা-ওয়াহিদা মল্লিক জলি, সংগীত-শিশির রহমান, আলো-অতিকুল ইসলাম জয়, প্রপস-সঞ্জীব কুমার দে, মঞ্চ পরিকল্পনা সুদীপ চক্রবর্তী।
/এমএস