‘বিগ বস ১৯’-এর ঘরে এবার আসতে পারেন সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন। টাইসন ও তার টিমের সঙ্গে চুক্তি সম্পন্ন করার বিষয় নিয়ে নির্মাতাদের আলোচনা হচ্ছে। বর্তমানে টাইসনের পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। চুক্তি হলে অক্টোবর মাসে তিনি প্রায় এক সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত শো'তে থাকতে পারেন। তবে সঠিক তারিখ এখনো নির্ধারিত হয়নি।
সূত্র মতে, আগের মৌসুমগুলোতে আন্তর্জাতিক সেলিব্রিটির উপস্থিতি ‘বিগ বস’-এ ব্যাপক সাড়া ফেলেছিল। তাই এবারও শোর জনপ্রিয়তা বাড়াতে একজন বিদেশি তারকাকে আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা।
এদিকে ডব্লিউডব্লিউইর ডিসকর্ড সার্ভারে গুঞ্জন চলছে, দ্য আন্ডারটেকারকেও এই মৌসুমে বিশেষ ওয়াইল্ডকার্ড এন্ট্রিতে আনা হতে পারে ‘বিগ বস ১৯’-এ। নভেম্বরের দিকে তার ঢোকার সম্ভাবনা রয়েছে।
এবারের নিশ্চিত প্রতিযোগীরা হলেন- গৌরব খন্না, আশনূর কৌর, আওয়েজ দরবার, নাগমা মিরাজকর, বাসির আলি, অভিষেক বাজাজ, হুনর হালে, শাফাক নাজ, সিভেট তোমর, খানক ওয়াঘনানি। এছাড়া নিশ্চিত প্রতিযোগীদের তালিকায় আছেন গেমিং ক্রিয়েটর পায়েল ধারে এবং লেখক-অভিনেতা জিশান কাদ্রি।
বিগ বস ১৯ প্রিমিয়ার হবে ২৪ আগস্ট থেকে জিও হটস্টারে। এবার প্রথমে নতুন এপিসোড আসবে ওটিটি প্ল্যাটফর্মে এবং দেড় ঘণ্টা পরে কালারস টিভিতে সম্প্রচারিত হবে। প্রথম তিন মাসের ডিজিটাল-ফার্স্ট সিজনটি সঞ্চালনা করবেন সালমান খান। এর পর পর্যায়ক্রমে অতিথি সঞ্চালক হিসেবে থাকবেন ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুর।
মেহেদী/