দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ারে চলছে তার সুসময়। কলকাতা এবং বাংলাদেশে একের পর এক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। সিনেমার পাশাপাশি স্যোশাল মিডিয়ায় নিয়মিত ব্যক্তিজীবনের নানা মুহুর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। কখনো প্রেম আবার কখনো প্রিয় কুকুরের সঙ্গে খুনসুটি আবার কখনো ছাদবাগানে সবজি চাষ। সবই ভক্তদের সঙ্গে অবলীলায় শেয়ার করেন এই তারকা অভিনেত্রী।এবার জয়া আহসান তার প্রিয় কুকুরকে শাপলা ফুলের মুকুট পড়িয়ে দিলেন।
শুধু কুকুরকে নয় নিজেও শাপলা ফুলের মুকুট পড়ে অভিনব সাজে সেজেছেন জয়া। আর সেই ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে জাহিদ হাসানের একটি উক্তি লিখেছেন, “জীবনের কোন সফলতাই শাপলা ফুলের মত না ; যে পুকুরের উপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিড়ে আনবা ..জীবনের সফলতা শোল মাছ ধরার মতো ..ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়;” ~জাহিদ হাসান। উল্লেখ্য, শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়ার সিনেমা ‘ফেরেশতে’।
সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি জনপ্রিয় নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি তিন বছর আগে নির্মিত হয়েছে। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কারও। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী ছবি হিসেবেও জায়গা করে নিয়েছিল সিনেমাটি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাটি চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।