ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তার প্রতিষ্ঠিত বিখ্যাত ফ্যাশন হাউস প্রতিষ্ঠান ‘আরমানি’ এক বিবৃতিতে এই কিংবদন্তির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, প্রিয়জনদের উপস্থিতিতে নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জর্জিও আরমানি। জনপ্রিয় সংবাদমাধ্যম ডেডলাইনের প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘এই কোম্পানিতে আমরা সব সময় একটি পরিবারের অংশ বলে অনুভব করেছি। আজ গভীর আবেগের সঙ্গে আমরা সেই শূন্যতা অনুভব করছি, যিনি এই পরিবারকে প্রতিষ্ঠা করেছিলেন এবং দৃষ্টি, আবেগ ও নিষ্ঠার সঙ্গে লালন করেছিলেন। শ্রদ্ধা, দায়িত্ব এবং ভালোবাসার সঙ্গে আরমানির এই প্রতিষ্ঠানকে রক্ষা এবং তার স্মৃতিতে কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিশ্বজুড়ে খ্যাতিমান এই ফ্যাশন আইকনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে শোবিজ অঙ্গনের তারকারাও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন। হলিউড থেকে শুরু করে ভারতের বলিউড পর্যন্ত এই শোক নেমে এসেছে।
বলিউড অভিনেতা রণবীর সিং আরমানি পোশাকের বিরাট ভক্ত। ইতালীয় স্টাইল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত এই ফ্যাশন আইকনের মৃত্যু সংবাদের পর অভিনেতা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ডিজাইনারের একটি সাদাকালো ছবি শেয়ার করে তাকে স্মরণ করেছেন। অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস লিখেছেন, ‘একজন সত্যিকারের বন্ধু। একজন কিংবদন্তি।’
লিওনার্দো ডিক্যাপ্রিও তার ইন্সটাগ্রাম স্টোরিতে এক মর্মস্পর্শী বার্তায় আরমানিকে স্মরণ করে লিখেছেন, ‘তিনি ছিলেন এক দূরদর্শী। যার প্রভাব নকশার বাইরেও পৌঁছেছিল। তার উত্তরাধিকার বিশ্বের আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’ অস্ট্রেলিয়ান অভিনেতা ও নির্মাতা রাসেল ক্রো অতীত স্মরণ করে উল্লেখ করেন, ‘১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথম আরমানি স্যুট পরি। এরপর থেকে জীবনের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আরমানি পরেছি।’
কিংবদন্তি অভিনেতা মরগান ফ্রিম্যান বলেছেন, ‘আরমানির সৌন্দর্য ও কালজয়ী স্টাইল অক্ষয় থাকবে।’ ডেভিড বেকহামের স্ত্রী ও ডিজাইনার ভিক্টোরিয়া বেকহাম বলেন, ‘ফ্যাশন জগৎ এক স্বপ্নদর্শী ডিজাইনারকে হারাল।’ এ ছাড়া আরও অনেকেই আরমানির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জর্জিও আরমানির প্রতিষ্ঠিত নিজের নামের ব্র্যান্ডটি যাত্রা শুরু করে ১৯৭৫ সালে। ফ্যাশন জগতে নতুনত্ব আনা এই ফ্যাশন ডিজাইনার ‘কিং অব দ্য ব্লেজার’ উপাধি পান। আরমানি তার মার্জিত পোশাক, আধুনিক নকশা এবং উচ্চ মানের উপকরণ ব্যবহারের জন্য এবং স্বতন্ত্র শৈলীর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। আধুনিক ফ্যাশনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
/এমএস