আগামী ২ নভেম্বর ৬০তম বছরে পদার্পণ করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রতিবছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে অপেক্ষায় থাকা ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু এ বছর তার বাড়ির পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ চলমান থাকায় সপরিবারে আলিবাগের ভাড়া বাড়িতে থাকছেন শাহরুখ।
তাই জন্মদিনের আগ আগ দিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে, এবার কি জন্মদিনে মান্নাতে ভক্তদের দেখা দেবেন ‘কিং খান’? এ বিষয়টি খোলাসা করলেন শাহরুখ নিজেই। প্রতিবারের মতো এ বছরেও ২ নভেম্বর ‘মান্নাত’-এ থাকছেন এই বলিউড অভিনেতা।
সম্প্রতি ‘এক্স’-এর পাতায় এক অনুরাগী সরাসরি অভিনেতাকে প্রশ্ন করে বসেন ‘‘স্যার, এ বছর মান্নাতে অনুরাগীদের দেখা দিতে আসবেন?’ এর উত্তরে শাহরুখ বলেন, ‘‘হ্যাঁ, আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।’’
প্রতি বছর শাহরুখের জন্মদিনে ‘মান্নাত’-এর বাইরে দাঁড়িয়ে থাকেন তার অনুরাগীরা, শুধুমাত্র তাকে একঝলক দেখার জন্য। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনো হাত নাড়েন, কখনো ছুড়ে দেন চুমু, কখনো আবার দুই হাত ছড়িয়ে তার পরিচিত পোজ দেন। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা।
এদিকে শাহরুখ ভক্তদের জন্য বিশেষ চমক, অভিনেতার ৬০তম জন্মদিনে তার বহুল আলোচিত নতুন সিনেমা ‘কিং’–এর প্রথম টিজার প্রকাশিত হবে।
/এমএস