ভারতের আসামের শোবিজ অঙ্গনের আইকন জুবিন গার্গ। দেশটির জনপ্রিয় এই সংগীতশিল্পী বলিউড, কলকাতা ও আসামের ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন ভাষায় হাজারের অধিক গান গেয়েছেন। পাশাপাশি অভিনেতা হিসেবেও বিশেষ পরিচিতি ছিল তার। এ ছাড়াও নানা সামাজিক কাজেও জড়িত ছিলেন জুবিন। আজ গুণী এই গায়ক ও অভিনেতার ৫৩তম জন্মদিন।
জুবিন গার্গ চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রাণ হারান। সেখানে তিনি অনুষ্ঠিতব্য ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠানটি ২০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল, যেখানে জুবিনেরও পারফর্ম করার কথা ছিল। কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে গোটা অনুষ্ঠানটিই পরে আয়োজকরা বাতিল করে দেন।
তবে মৃত্যুর এক মাসের বেশি পেরিয়ে গেলেও এই গায়কের মৃত্য নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। জুবিনের মৃত্যুর প্রকৃত কারণ এখনো অনেকের কাছে রহস্যময়। এমনকি গত কয়েকমাস ধরে তার স্ত্রী গরিমা সইকিয়া গার্গও স্বামী জুবিনের মৃত্যুর ঘটনাকে ‘রহস্যজনক’ বলে তদন্তের দাবি জানাচ্ছেন।
এদিকে জুবিনের জন্মদিন উপলক্ষে গরিমা সইকিয়া গার্গ ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। আজ মঙ্গলবার এই সংগীতশিল্পীর ৫৩তম জন্মদিনে গরিমা নিজের ও জুবিনের কয়েকটি পুরনো ছবি পোস্ট করে লেখেন, ‘এই জন্ম থেকে পরের জন্ম, আমার গল্প তোমাকেই নিয়ে… শুভ জন্মদিন, গোল্ডি। ভাল থেকো।’ মৃত্যুর পর এটি জুবিন গার্গের প্রথম জন্মদিন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘৮ ডিসেম্বরের মধ্যে চার্জশিট দাখিলের লক্ষ্য স্থির করা হয়েছে। এটি দুর্ঘটনা নয়, বরং খুনের মামলা’। এখন পর্যন্ত এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
/এমএস