পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে তার রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। এই উপমহাদেশের অন্যতম বড় তারকা তিনি। ২০২৪ সালের ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের একটি কনসার্টে সবশেষ পারফর্ম করেছিলেন তিনি। সেই কনসার্টে আতিফ আসলামের গানে মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা। ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে বাংলাদেশের ভক্তদের মন জিতেছিলেন।
আবারও ঢাকায় আসছেন তুমুল জনপ্রিয় এই গায়ক। আতিফ আসলামকে এবার বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে মেইন স্টেজ নামের একটি প্রতিষ্ঠান। ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছে তারা। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট।
আয়োজকরা জানিয়েছেন, ওইদিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি— এ দুই ক্যাটাগরিতে।
গত বছর ঢাকায় আয়োজিত কনসার্টে আতিফ আসলামের সঙ্গে ছিলেন দেশের শিল্পীরাও। ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে ছিলেন তাহসান ও কাকতাল। ১৩ ডিসেম্বরের কনসার্টে আতিফের সঙ্গে দেশের কোনো শিল্পী কিংবা ব্যান্ড থাকবে কি না, তা জানা যায়নি এখনো। এ বিষয়ে শিগগির বিস্তারিত ঘোষণা আসবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
/এমএস