ফুটবলের রাজা লিওনেল মেসি। বহুল প্রতীক্ষিত ভারত সফরে এসেছেন তিনি। তার এই সফর সূচনা হয়েছে কলকাতা দিয়ে। শুক্রবার ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম দিনেই এক স্মরণীয় ঘটনা ঘটেছে। লিওনেল মেসির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতেই মুম্বাই থেকে কলকাতায় উড়ে এসেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
দুই ভুবনের দুই তারকার একফ্রেমের ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটবলপ্রেমী ও সিনেমাভক্তরা দুই জগতের তারকার ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
কলকাতায় আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মেসির সঙ্গে এসেছেন তার বন্ধু সুপারস্টার ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনা দলের সতীর্থ রোদ্রিগো দে পল।
আয়োজক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শাহরুখ খানের সঙ্গে উষ্ণ করমর্দন ও আন্তরিক সৌজন্য বিনিময় করেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
এদিকে কলকাতায় মেসির আগমন যেন উৎসবে পরিণত হয়েছে। দিনভর নানা আয়োজনের পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামের কাছে স্থাপন করা হয়েছে মেসির ৭০ ফুট উচ্চতার লোহার ভাস্কর্য। সকাল থেকেই ভাস্কর্য ঘিরে ভক্তদের ঢল নেমেছে, উৎসাহ-উদ্দীপনায় মুখর চারপাশ।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় পর ভারতে পা রাখলেন লিওনেল মেসি। কলকাতার পর ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে আগামী কয়েক দিনে ভারতের আরও কয়েকটি শহর সফরের কথা রয়েছে তার।