জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি। আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। মাথায় ২৭টি সেলাই লেগেছে। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন, স্ট্রোক করেছেন এই গায়ক। বাসায় ফিরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তৌসিফ নিজেই।
এ সম্পর্কে তৌসিফ বলেন, গত ২৯ ডিসেম্বর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। মাথায় ২৭টি সেলাই লেগেছে। প্রথমে ধানমন্ডির সিটি হাসপাতালে, এরপর ইবনে সিনা হাসপাতালে আমাকে ভর্তি করা হয়। হাসপাতালে এক দিন লাইফ সাপোর্টে থাকা মানে প্রচুর খরচ। যে কারণে আগের চেয়ে একটু ভালো অনুভব করাতে বাসায় ফিরেছি।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি অসুস্থ। আগের মতো কাজ করতে পারছি না, যে কারণে চিকিৎসা খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে; যেটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি। তবে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তৌসিফ জানান, এর আগে ২০২২ সালের এপ্রিলে হার্ট অ্যাটাক হয়েছিল তার। সে সময় রাজধানীর একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তিনি। এর পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে রয়েছেন এই গায়ক।
উল্লেখ্য, তৌসিফের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’ অন্যতম। গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন, সুর ও সংগীতায়োজন করেন। তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। সুস্থ হয়ে আবারও গানে ফিরতে চান তৌসিফ।