বিনোদনজগতের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নামে পরিচালিত ভুয়া অ্যাকাউন্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে এসব অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তি না ছড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে মৌ জানিয়েছেন, ফেসবুকে তাঁর কেবল একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তাঁর কোনো ফেসবুক আইডি বা ফ্যান পেজ নেই। এমনকি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় নন।
মৌ অভিযোগ করেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস ও ছবি আপলোড করা হচ্ছে। এমনকি তাঁর পরিচিতজনদের বিভিন্ন পোস্টে সেসব আইডি থেকে মন্তব্যও করা হচ্ছে। একে উদ্দেশ্যপ্রণোদিত ও আইনত অপরাধ হিসেবে অভিহিত করেছেন তিনি।
ভক্ত ও অনুসারীদের সতর্ক করে মৌ বলেন, ‘আমার অনুমতি ছাড়া ছবি বা লেখা পোস্ট করা আইনত দণ্ডনীয়। যারা এসব অপপ্রচার চালাচ্ছেন, তাদের অনুরোধ করছি- এসব বন্ধ করুন। ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও যোগ করেন, ‘ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে কেউ প্রতারিত হবেন না। যারা এসব করছেন, তারা সাবধান হোন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
/আবরার জাহিন