শেকড়ের টানে ঘরমুখো মানুষের ঘরে ফেরার অনুভূতি নিয়ে গাইলেন সংগীতশিল্পী নাবিলা নূর কুহু। ঈদ উৎসবে নিজের নতুন মৌলিক গান ‘ফেরা’ নিয়ে ফিরলেন এ শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক অটমনাল মুন।
১৭ মার্চ গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল, স্পটিফাই ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে।
গানের কথা লিখেছেন শিল্পী কুহু নিজেই। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার গানের কথা ও সুরে সাধারণত নস্টালজিয়া, অপেক্ষা এবং নগরজীবনের নানা অনুভূতি প্রতিফলিত হয়। ‘ফেরা’-তেও ফিরে আসার আবেগ ও স্মৃতিমাখা অনুভূতির প্রকাশ ঘটেছে। ঘর ছেড়ে দূরে থাকা মানুষের মনে যে নস্টালজিয়া জন্ম নেয় ও দীর্ঘদিন পর নিজের ঘরে কিংবা দেশে ফেরার যে আবেগ ও অনুভূতি, তা ধারণ করেই তৈরি হয়েছে গানটি।’
নতুন এ গানটিতে ব্লুজ ও জ্যাজ এর অনুপ্রেরণা নিয়েছেন অটমনাল মুন, যা গানটিতে একটি স্বতন্ত্র মাত্রা যোগ করেছে। গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে গিয়ে স্কেচ এ্যানিমেশন ব্যবহার করে গানটির ভিডিওচিত্র প্রকাশ করা হবে, ভিডিওটি নির্মাণ করেছেন মীর হিশাম।
ছায়ানট থেকে নজরুলগীতিতে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে শিল্পী নাবিলা নূর কুহু তাঁর সংগীত শিক্ষা সম্পন্ন করেন। এছাড়া তিনি শুদ্ধসংগীত তালিম নিয়েছেন অনুপ বডুয়ার কাছে। শৈশব থেকেই তাঁর সংগীত প্রতিভা শ্রোতাদের মুগ্ধ করে আসছে। বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভুক্ত শিল্পী হিসেবেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।