উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া বাংলা গজল ‘অনায়াসে’ প্রকাশ পেয়েছে। গালিব হাসানের লেখা গানটিতে রুনা লায়লার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাও করেছেন বাপ্পা মজুমদার।
বাংলা এই গজলটি শুরুতে রুনা লায়লার একারই গাওয়ার কথা ছিল। কিন্তু রুনা লায়লার ইচ্ছাতেই গজলটি দ্বৈত হয়ে যায়। ‘অনায়াসে’ বাপ্পা মজুমদার ও গালিব হাসানোর ‘অনুভবে’ অ্যালবামের প্রথম বাংলা গজল।
‘অনায়াসে’ গত ১৬ মে রাত ৯টায় বাপ্পা মজুমদার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার। গানটি প্রকাশ উপলক্ষে সেদিন সন্ধ্যার পর রাজধানীর বনানীর একটি ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে গীতিকার গালিব হাসান গজলটি নিয়ে কিছু কথা বলেন। এরপর বাপ্পা মজুমদার বলেন, ‘বাংলা এই গজলটি মূলত রুনা ম্যামের একারই গাওয়ার কথা ছিল। কিন্তু গজলটি শোনার পর তিনিই আমাকে তার সঙ্গে গাইতে বলেন। এটা যে আমার জন্য কতটা আনন্দের এবং কতটা ভালো লাগার একটা বিষয় ছিল, তা আসলে ব্যাখ্যা করে বোঝাতে পারব না। কারণ সারা জীবন আমরা তার গান শুনে এসেছি, গান শুনে শুনে বড় হয়েছি। সেই গুণী শিল্পী আমার সুর-সংগীতে গান করবেন, এই পর্যন্তই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইব এবং গেয়েছি, এটা আমার কাছে এখনো সত্যিই স্বপ্নের মতোই মনে হয়। আমি ভীষণ আবেগাপ্লুত এবং কৃতজ্ঞ। রুনা ম্যাম আমাকে তার সঙ্গে রেখে আশীর্বাদের ছায়াতলে যেভাবে টেনে নিলেন, তা আমার আজীবন সংগীতের চলার পথের পাথেয় হয়ে থাকবে।’
রুনা লায়লা বলেন, ‘এই বাংলা গজলটি সত্যিই অপূর্ব লেখা, সুর করা এবং বাপ্পা আমার ভীষণ প্রিয় একজন শিল্পী, সংগীত পরিচালক। বাপ্পা তার বাবা-মায়ের নাম আরও উজ্জ্বল করছে এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। একটি কাজ পারফেক্ট হওয়ার ক্ষেত্রে একজন সংগীত পরিচালককে এমনই হতে হয়। অনেক শুভ কামনা রইল বাপ্পা ও তার পরিবারের জন্য। ধন্যবাদ গালিব হাসানকেও এত সুন্দর কথার জন্য। আশা করছি, অনায়াসে সবারই ভালো লাগবে।’
উল্লেখ্য, রুনা লায়লা গত ৪ মে দিল্লিতে অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। আগামী ঈদে বিটিভির ‘আনন্দ মেলা’য় গান গাইতে দেখা যাবে এই কিংবদন্তিকে।