শীতকালে বাঙালির খাবারে কিছু বৈচিত্র্য আসে। সকাল হোক কিংবা বিকেল, চায়ের সঙ্গে গরম গরম কিছু না হলে ঠিক জমে না। ধোঁয়া ওঠা এক কাপ চা আর সঙ্গে ধোঁয়া ওঠা মুখরোচক নাশতা যেন শান্তি নিয়ে আসে। শীতের বিকেলে বানিয়ে নিন গরম গরম নাশতা।

ভেজিটেবল পাকোড়া
উপকরণ
বাঁধাকপি কুচি ১ কাপ, আলু কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, ফুলকপি কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ডিম ১টি, চালের গুঁড়া আধা কাপ, তেল ২ কাপ, লবণ ১ টেবিল চামচ।
প্রণালি
একটি বোলে বাঁধাকপি কুচি, আলু কুচি, গাজর কুচি, ফুলকপি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ডিম, চালের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার একটি কড়াইয়ে তেল গরম করে চামচে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। নামিয়ে সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল পাকোড়া।

চিকেন মোমো
উপকরণ
চিকেন কিমা ৩০০ গ্রাম, ময়দা ৩০০ গ্রাম, তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ পাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ, ভিনেগার ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ ২ চা চামচ।
প্রণালি
প্রথমে একটি বোলে ময়দা, তেল, লবণ ও পানি দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিন। ডো খুব বেশি শক্ত বা নরম হবে না। একটি ভেজা কাপড় দিয়ে ডো ঢেকে রাখুন। এবার অন্য একটি বোলে চিকেন ম্যারিনেট করে নিন। বোলে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, সয়া সস, ভিনেগার, গোল মরিচ গুঁড়া ও লবণ ভালোভাবে মেখে নিতে হবে। ময়দার ডো দিয়ে ছোট ছোট লেচি কেটে নিন এবং সামান্য ময়দা নিয়ে পাতলা ও গোল করে লুচির মতো বেলে নিন। রুটির মধ্যখানে চিকেন পুর দিয়ে দিন এবং মুখ ভালো করে বন্ধ করে দিন। চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে তাতে মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট ভাপে রাখুন। হয়ে গেলে প্লেটে সাজিয়ে সস ও চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন মোমো।

চিকেন পপকর্ন
উপকরণ
বোনলেস চিকেন ২৫০ গ্রাম (কিউব কাট), ডিম ১টি, ময়দা আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, সয়া সস ১ চা চামচ, অরিগানো আধা চা চামচ, চাট মসলা ১ চা চামচ, ব্রেড ক্রাম্ব আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, তেল ২ কাপ, লবণ ২ চা চামচ।
প্রণালি
প্রথমে একটি বোলে চিকেন কিউব, ডিম, মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, গোল মরিচ গুঁড়া, সয়া সস, অরিগানো, চাট মসলা, কর্নফ্লাওয়ার, লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে ২০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ময়দা ও ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিন এবং এর মধ্যে চিকেনের একটি করে টুকরো মিশিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে ব্রেড ক্রাম্বে মেশানো চিকেনগুলো দিয়ে দিন এবং মচমচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিকেন পপকর্ন।
কলি