দাওয়াত মানেই সাজগোজ, আড্ডা আর খাবারের আয়োজন। তবে প্রতিটি দাওয়াতের পরিবেশ এক রকম হয় না। সব সময় ভারী পার্টি লুক বা জমকালো পোশাক দরকার পড়ে না। বন্ধুদের ঘরোয়া আয়োজন, অফিস কলিগদের সঙ্গে ডিনার বা আত্মীয়দের ক্যাজুয়াল আমন্ত্রণে আরামদায়ক এবং স্টাইলিশ পোশাকই সবচেয়ে মানানসই। লিখেছেন তাসকিন
ক্যাজুয়াল গেটআপের মূল দর্শন
‘ক্যাজুয়াল’ শব্দটি শুনলে অনেকে হয়তো ভেবে নেন এটি মানে শুধুই ঢিলেঢালা পোশাক। আসলে বিষয়টি একেবারেই তা নয়।ক্যাজুয়াল গেটআপের মূল দর্শন হলো আরাম ও স্টাইলের মধ্যে ভারসাম্য তৈরি করা। অর্থাৎ, এমন পোশাক বেছে নেওয়া যা পরে সহজে চলাফেরা করা যায়, দীর্ঘ সময় আরামে থাকা যায়। আবার একই সঙ্গে একটি পরিপাটি ও আত্মবিশ্বাসী লুকও বজায় থাকে। ক্যাজুয়াল গেটআপে রঙের ভূমিকা গুরুত্বপূর্ণ। খুব বেশি উজ্জ্বল বা চটকদার না হয়ে মানানসই শেড ব্যবহার করলে লুক হয় মার্জিত। দিনের দাওয়াতে হালকা ও স্নিগ্ধ রং যেমন- প্যাস্টেল, অফ হোয়াইট, হালকা নীল বা গোলাপি বেছে নেওয়া যায়।
অন্যদিকে, সন্ধ্যার আয়োজনে নেভি ব্লু, সবুজ বা বাদামি রং বেশ মানিয়ে যায়। ফ্যাব্রিকের দিক থেকেও সচেতন হতে হবে। হালকা, শ্বাস-প্রশ্বাসযোগ্য কাপড় যেমন- সুতি, লিনেন বা সিল্ক-ব্লেন্ড ক্যাজুয়াল লুকের জন্য আদর্শ। এগুলো পরতে আরামদায়ক এবং দীর্ঘ সময় পরেও স্বস্তি বজায় রাখে। পাশাপাশি পোশাকের কাট এবং ফিটিং যেন শরীরের সঙ্গে মানিয়ে যায়, সেটিও খেয়াল রাখা জরুরি।
শার্ট ও ট্রাউজার
নারীদের ক্যাজুয়াল গেটআপে সাম্প্রতিক সময়ে শার্ট অন্যতম ট্রেন্ডি পোশাক হিসেবে জায়গা করে নিয়েছে। এক সময় শার্টকে শুধুই অফিস বা আনুষ্ঠানিকতার পোশাক হিসেবে দেখা হলেও এখন এটি পরিণত হয়েছে বহুমুখী ফ্যাশন আইটেমে। বিশেষ করে দাওয়াতের মতো আধা-আনুষ্ঠানিক আয়োজনে শার্ট ও ট্রাউজারের সমন্বয় নারীদের লুকে যোগ করে এক নতুন মাত্রা।
সুতির বা লিনেন কাপড়ে তৈরি শার্ট গরম আবহাওয়ায় আরামদায়ক। ট্রাউজার, জিন্স বা পালাজোর সঙ্গে মানানসই করে পরলে শার্ট তৈরি করে স্মার্ট ও স্টাইলিশ লুক। একরঙা বা হালকা প্রিন্টের শার্ট দিনের দাওয়াত বা অফিস-ফ্রেন্ডলি অনুষ্ঠানে মানানসই, অন্যদিকে ঢিলেঢালা বাটনডাউন শার্ট কিংবা সাটিন শার্ট সন্ধ্যার দাওয়াতে আনে স্বচ্ছন্দ ও আকর্ষণীয় আবেদন।
কুর্তি বা লং টপস
দাওয়াতের ক্যাজুয়াল গেটআপে কুর্তি বা লং টপস একটি জনপ্রিয় পোশাক। এতে একই সঙ্গে থাকে আরামের ছোঁয়া এবং আধুনিকতার আবেদন। হালকা কাজ করা কুর্তি, ব্লক প্রিন্টেড ডিজাইন কিংবা সুতির লং টপস দিনের আয়োজনে যেমন মানানসই, তেমনি সন্ধ্যার দাওয়াতেও সহজেই মানিয়ে যায়। পালাজো, স্ট্রেট প্যান্ট বা জিন্সের সঙ্গে কুর্তি জুড়ে নিলে লুক হয় ফিউশনধর্মী। এতে একদিকে পাওয়া যায় ঐতিহ্যের আভা, অন্যদিকে আধুনিকতার স্বচ্ছন্দ প্রকাশ। হালকা গয়না যেমন ঝুমকা, ছোট ব্রেসলেট বা অক্সিডাইজড কানের দুল যোগ করলে সাজ আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

সালোয়ার-কামিজ
ক্যাজুয়াল গেটআপে সালোয়ার-কামিজ সব সময়ই একটি নিরাপদ ও মার্জিত পছন্দ। বিশেষ করে সুতি বা কটন কাপড়ের সালোয়ার-কামিজ গরমের দিনে এনে দেয় স্বস্তি ও স্বাচ্ছন্দ্য। চাইলে সাধারণ একরঙা ডিজাইনের বদলে হালকা এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট বা ফ্লোরাল প্যাটার্নের সালোয়ার-কামিজ বেছে নেওয়া যেতে পারে, যা পরিধানকারীর লুককে করে আরও আকর্ষণীয়। গলার কাট, হাতার ডিজাইন কিংবা দোপাট্টার সাজে ছোটখাটো ভিন্নতা এনে পুরো পোশাকে যোগ করা যায় এক নতুনত্ব।
চুল ও মেকআপ
ক্যাজুয়াল গেটআপে চুল ও মেকআপের মূল দর্শন হলো সরলতা আর স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলা। ভারী মেকআপের পরিবর্তে হালকা টাচেই লুক হয়ে উঠতে পারে আকর্ষণীয় ও মানানসই। চাইলে নিজের ত্বকের সঙ্গে মানানসই ন্যুড বা হালকা শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আইলাইনার বা মাসকারা চোখে এনে দেবে স্বাভাবিক দীপ্তি, আর গালে হালকা ব্লাশ পুরো লুককে করে তুলবে ফ্রেশ ও প্রাণবন্ত। চাইলে সানকিসড লুকের জন্য হালকা হাইলাইটারও ব্যবহার করা যেতে পারে। চুলের ক্ষেত্রে খোলা রাখা সব সময়ই একটি সহজ ও সুন্দর অপশন। তবে আবহাওয়া বা অনুষ্ঠানভেদে চাইলে বেণি কিংবা লুজ বানও বেছে নেওয়া যেতে পারেন।
অ্যাকসেসরিজ
ক্যাজুয়াল গেটআপের ক্ষেত্রে অ্যাকসেসরিজ বেছে নেওয়া উচিত পরিমিত ও রুচিশীলভাবে। অতিরিক্ত অলংকার পরলে সাজ ভারী হয়ে যেতে পারে, যা ক্যাজুয়াল লুকের সরল সৌন্দর্যকে ম্লান করে দেয়। তাই এখানে মূল মনোযোগ থাকা উচিত ছোট ছোট অ্যাকসেসরিজে, যা একদিকে স্বাচ্ছন্দ্য বজায় রাখবে, অন্যদিকে দেবে আভিজাত্যের ছোঁয়া।
একটি ছোট স্টাড ইয়াররিং বা মিনিমাল হুপ কানে মানিয়ে যায় যেকোনো পোশাকের সঙ্গে। এর সঙ্গে পাতলা ব্রেসলেট বা স্মার্ট হাতঘড়ি পুরো লুককে করবে আকর্ষণীয় ও মার্জিত। গলায় হালকা পেনডেন্ট চাইলে যোগ করা যেতে পারে, তবে সেটা যেন কখনোই ভারী না হয়। ব্যাগের ক্ষেত্রে স্লিং ব্যাগ, ক্রসবডি বা ছোট হ্যান্ডব্যাগ ক্যাজুয়াল দাওয়াতের জন্য আদর্শ। এগুলো শুধু স্টাইলিশই নয়, প্রয়োজনীয় জিনিস বহনের জন্যও সুবিধাজনক।
/তাসকিন