এই উড্ডীন পতাকা আমরা রক্ত দিয়ে কিনেছি
আমাদের তিরিশ লাখ রক্ত বহন করেছে
বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার মোহনা
হায়েনাদের বুলেটের ভয়াবহতা দেখেছে
রাজারবাগ, রায়েরবাজার, পিলখানা, পঞ্চগড়
হায়েনারা শস্যভূমিকে বিরাণভূমি ও বধ্যভূমি করেছিল বলে
বালুচরের বাতাসেরা থুতু ছুড়েছিল জলপাই রঙের জিপে...
শকুন ছাড়া সেদিন বাংলার সব পাখিরা উড়ে উড়ে
এক এক করে নিরুদ্দেশ হয়েছিল পাতাদের পিঠ থেকে
আমাদের করোটির মাঠে সেদিন খেলা করেছে
ভয়ের দাবানল- ভূমির আঁচলজুড়ে জ্বলেছে আগুন
আমরা জন্মগ্রাম ছেড়ে সীমান্তের চোখে রেখেছি হাত
নয় মাস, মানুষকে যারা কুকুর ও শকুনের খাদ্য বানিয়েছে
নয় কোটি বছর আসুন আমরা তাদের ঘৃণা করি, ঘৃণা, ঘৃণা
সেসব শ্যামলা মায়ের শরীরে বসেছিল পাকি নরপশুরা
তাদের পিতৃত্বের অধিকার দিয়েছিলেন শেখ মুজিব... ঠিকানা ৩২