বিষণ্ন সন্ধ্যায় স্থাণু শবাসনে আমার শরীর
মনে হয় চেতনানাশকে যেন বিষম বিবশ
যেন কাঁটা স্থির মহানগরীর সমস্ত ঘড়ির
অজ্ঞাত বিকট অন্ধকারে লোক-লোকালয় বশ
দেহে নেই মন, উড়ে গেছে দূরে উত্তরবঙ্গের
ছায়াময় সীমানায়, টিনের ছাউনি দেয়া ঘরে
যেখানে শিল্পীর দল শিল্প-স্রুত নবচিন্তা গড়ে
হবে উদ্বোধন কোনো মানবিক শোভন সঙ্ঘের।
আমার প্রেমিক মন সারা সন্ধ্যা করলো ভ্রমণ
পৃথিবীতে ধড় রেখে ঊর্ধ্বলোকে সাঁতার যেমন
দূরে সরে গেল রাজনীতি কলুষিত ও কপট
মনুষ্য-মুখোশে কতিপয় সাপ শূকর গণ্ডার
উবে গেল মুহূর্তেই, বদলে গেল মম মনোপট
খুলে গেল সুদিনের সুন্দরের মর্চে পড়া দ্বার।