নিঃশ্বাস বা মুখের দুর্গন্ধ নিয়ে আমাদের মধ্যে অনেকেই চিন্তিত থাকেন। এটি আমাদের সামাজিক জীবনের জন্য একটি বাঁধা হিসেবে দাঁড়াতে পারে। এই সমস্যার জন্য হয়তো খুব অল্পতেই যে কেউ লজ্জিত হতে পারেন। কিন্তু খুব সহজ কয়েকটি নিয়ম মেনে চললেই পেতে পারেন সজীব ও সতেজ নিঃশ্বাস। আজকের প্রতিবেদনে জানাবো নিঃশ্বাস বা মুখের দুর্গন্ধ দূর করার কিছু কার্যকরী ঘরোয়া উপায় সম্পর্কে।
লেবু
মুখের দুর্গন্ধ দূর করতে পারে লেবুর রস। এক গ্লাস পানিতে একটি লেবুর রস চিপে খেয়ে নিতে পারেন। চাইলে কুলকুচি করে ফেলেও দিতে পারেন। বিশেষত খাওয়ার পর এই পানি দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হবে।
পান
বিয়েবাড়ি হোক বা অন্য যে কোনও নিমন্ত্রণবাড়ি— খাবার শেষে পান খাওয়ার চল বহু দিনের। পানে থাকা উপাদান খাবার হজম করতে সাহায্য করে। পানের মধ্যে সুপারি, মৌরি, এলাচ দিয়ে খাওয়ার চল আছে। পান খেলেও মুখের দুর্গন্ধ দূর হয় ও সুন্দর গন্ধ ছড়ায়।
এলাচ
গরমমশলা হিসাবে ব্যবহৃত এলাচের সুন্দর গন্ধ আছে। চা হোক বা পায়েস, এলাচ দেওয়া হয় সুন্দর গন্ধ আনার জন্য। দুধ চা বা কোনও কিছু খাওয়ার পর মুখে গন্ধ হলে একটা এলাচ চিবিয়ে নিতে পারেন। মুখ তরতাজা লাগবে।
লবঙ্গ
লবঙ্গে থাকে অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান। দাঁতের সমস্যায়, ব্যথা দূর করতেও লবঙ্গ ব্যবহার করা হয়। এতে থাকে ইউজেনল। যা মুখের দুর্গন্ধ দূর করে।
মৌরি
খাওয়ার পর মৌরি খাওয়ার চল বহু দিনের। কেউ কেউ কাঁচার বদলে মৌরি ভাজা খেতে পছন্দ করেন। এতেও মুখের দুর্গন্ধ চলে যায়। বিশেষত মাছ, আমিষ খাবারের পর অনেক সময় রসুনের গন্ধ বের হয়। তা দূর করতে মৌরি খুব কাজে লাগে।
পানি
কম পানি পান করলেও মুখের দুর্গন্ধ হতে পারে। পানি মুখ থেকে ব্যাকটেরিয়া বের করে দিতে সাহায্য করে এবং এটিকে রোধ করে। তাই যদি নিঃশ্বাসে প্রচুর গন্ধ অনুভব করেন তবে দিনে প্রচুর পানি পান করুন।
দারুচিনি
মিষ্টি স্বাদের দারুচিনিও নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। লবঙ্গের মতো দারুচিনিতেও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে পারে। মাত্র কয়েক মিনিটের জন্য মুখে দারুচিনির একটি ছোট টুকরা রাখতে হবে। তাতে মুখে সৃষ্ট দুর্গন্ধ দূর হবে।
মধু এবং দারুচিনি
মধু এবং দারুচিনি উভয়েরই শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে এবং মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। দাঁত এবং মাড়িতে নিয়মিত মধু এবং দারুচিনির পেস্ট লাগালে দাঁতের ক্ষয়, মাড়ি থেকে রক্তপাত এবং এমনকী নিঃশ্বাসের দুর্গন্ধের ঝুঁকি কমে।
পুদিনাপাতা
পুদিনা পাতাকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা যায়। কারণ অল্প সময়ের মধ্যে এটি মুখের দুর্গন্ধ দূর করে। তাই মুখে দুর্গন্ধ হলে ২-৩টি পুদিনা পাতা নিয়ে চিবোতে থাকুন। পাশাপাশি খেতে পারেন পুদিনা পাতার শরবত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মুখের দুর্গন্ধ দূর করার জন্য প্রায়ই পুদিনা পাতার কথা বলেন।
নারিকেল তেল
নারিকেল তেলে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান নিমিষে গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। ফলে মুখের গন্ধ দূর হতে সময় লাগে না। এক্ষেত্রে এক চামচ নারিকেল তেল মুখে নিয়ে ভালো করে কুলি করুন। কম করে ৫ মিনিট করতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা।
সঠিক সময়ে খাওয়া
দীর্ঘসময় ধরে না খেয়ে থাকলেও মুখ থেকে গন্ধ বের হয়। এ ছাড়া নিয়ম মতো মুখ ও দাঁতের পরিচর্যা না করাও এতটা বড় কারণ। অনেক সময় জিভ পরিষ্কার না করার কারণে জিভের উপরে সালফারের প্রলেপ পড়ে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। তবে নিজে একটু সাবধান হলেই এই লজ্জাজনক অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ধূমপান ও মদ্যপান ত্যাগ
অত্যধিক ধূমপান বা তামাকজাত দ্রব্যের নেশা থাকলে তা থেকেও মুখে দুর্গন্ধ হয়। সেক্ষেত্রে ধূমপান যত দ্রুত ত্যাগ করতে পারেন ততই ভালো। মদ্যপান করলেও মুখ থেকে দুর্গন্ধ হয়। তাই ধূমপান ও মদ্যপান ত্যাগ করতে হবে।


