একটি শিশুর মস্তিষ্কের বিকাশ জীবনের প্রথম বছরগুলোতেই সবচেয়ে দ্রুত ঘটে। বিশেষজ্ঞদের মতে, জন্মের পর প্রথম ছয় মাস মায়ের দুধই শিশুর জন্য যথেষ্ট। তবে ছয় মাস পর থেকে যখন ‘উইনিং’ বা শক্ত খাবার শুরু হয়, তখন থেকেই শিশুর খাদ্যতালিকায় ব্রেইন-বুস্টিং পুষ্টি উপাদান যুক্ত করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। এই সময়ের সঠিক খাদ্যাভ্যাসই একটি শিশুর ভবিষ্যৎ স্মৃতিশক্তি, মনোযোগ ও শেখার ক্ষমতার ভিত্তি গড়ে তোলে।
উইনিং কেন গুরুত্বপূর্ণ?
এই সময় মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি পায়
নতুন নিউরাল কানেকশন তৈরি হয়
পুষ্টির ঘাটতি হলে স্থায়ী ক্ষতি হতে পারে
কোন খাবারগুলো হবে ব্রেইন ফুড?
উইনিং সময় শিশুর জন্য কিছু খাবার বিশেষভাবে উপকারী বলে বিবেচিত হয়—
ডিমের কুসুম: কোলিন সমৃদ্ধ, যা স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে।
মাছ: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবুজ শাকসবজি: আয়রন ও ফোলেট সমৃদ্ধ, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায়।
ফলমূল: প্রাকৃতিক গ্লুকোজ ও অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে শক্তি জোগায়।
ডাল ও খিচুড়ি: প্রোটিন ও আয়রনের ভালো উৎস, যা শিশুর সামগ্রিক বিকাশে সহায়ক।
কীভাবে শুরু করবেন উইনিং?
শিশুর ছয় মাস বয়সে প্রথমে পাতলা ও সহজপাচ্য খাবার দিয়ে শুরু করা যেতে পারে। যেমন- ভাতের মাড়, পাতলা খিচুড়ি, ফলের পিউরি বা নরম ভাত। ধীরে ধীরে ৭-৮ মাস বয়সে ডিমের কুসুম ও সবজি পেস্ট এবং ৯-১২ মাসে মাছ, ডাল ও অন্যান্য নরম খাবার যুক্ত করা যেতে পারে। নতুন খাবার একসঙ্গে না দিয়ে ধীরে ধীরে পরিচয় করানো উচিত, যাতে কোনো অ্যালার্জি হলে তা সহজে শনাক্ত করা যায়।
সতর্ক থাকুন
এক বছরের আগে শিশুর খাবারে অতিরিক্ত লবণ ও চিনি ব্যবহার করবেন না। কোনো শক্ত খাবার না দিয়ে এক বছর পর্যন্ত নরম খাবারই চলবে। খাবারের পাশাপাশি বুকের দুধ নিয়মিত চলবে।
অভিভাবকদের ভূমিকা
শিশুর খাদ্যাভ্যাস গড়ে তুলতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোর করে না খাইয়ে ধৈর্যের সঙ্গে নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো এবং আকর্ষণীয়ভাবে পরিবেশন করা শিশুকে খাবারের প্রতি আগ্রহী করে তোলে।
উইনিং সময় থেকেই সঠিক ব্রেইন ফুড প্রদান একটি শিশুর সুস্থ মস্তিষ্ক গঠনের মূলভিত্তি। তাই সচেতন অভিভাবক হিসেবে শুরু থেকেই পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজকের সঠিক পুষ্টিই আগামী দিনের বুদ্ধিমান ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পারে।
লেখক: পুষ্টিবিদ, আলোক হাসপাতাল লিমিটেড মিরপুর, ঢাকা


