ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যায় মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রবিবার (১৫ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছে। এমন পরিস্থিতিতে মায়ানমারের জান্তা সরকার বিদেশি সাহায্যের অনুরোধ জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত সপ্তাহান্তে মায়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডসহ পুরো অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। এই চারটি দেশের সরকারি হিসাব অনুযায়ী, ইয়াগির ফলে সৃষ্ট বন্যা–ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে। গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত বন্যায় ৭৪ জন মারা গেছেন দেশটিতে। নিখোঁজ রয়েছেন আরও ৮৯ জন।
এর আগে শুক্রবার মায়ানমারের জান্তা সরকার বলেছিল, মৃতের সংখ্যা ৩৩। বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। ৬৫ হাজারের বেশি বাড়ি-ঘর ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান আছে। এরই প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে বিদেশি সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন জান্তা প্রধান।
মায়ানমারে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে অভ্যন্তরীণ সংঘাত চলছে। টানা সংঘাতে দেশটিতে ২৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এরই মধ্যে ঝড়–বন্যা–ভূমিধস মায়ানমারের জনগণের দুর্দশা আরও বাড়িয়েছে। সূত্র: এএফপি