কমলা হ্যারিসের গত বৃহস্পতিবারের সমাবেশে উপস্থিত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রক কিংবদন্তি ব্রুস স্প্রিংস্টিন, অভিনয়শিল্পী টাইলার পেরি। দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত জর্জিয়ায় হয় ওই সমাবেশ। হাজার হাজার মানুষ অংশ নেন আয়োজনে।
জর্জিয়ার ভোট যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে জিতিয়ে দিতে পারে যেকোনো প্রার্থীকে। আর তাই হয়তো প্রচারে চেষ্টার কমতি রাখছে না ডেমোক্রেটিক শিবির। কমলা হ্যারিস বৃহস্পতিবার জর্জিয়ার জনসাধারণকে আগাম ভোটের সুযোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যানের আহ্বান জানান।
হ্যারিস বলেছেন, ‘আমরা এখানে যারা আছি, তারা বুঝতে পারছি যে আমাদের সামনে একটি সুযোগ তৈরি হয়েছে ভয় ও বিভক্তির পাতা উল্টে দেওয়ার যা এক দশক ধরে আমাদের রাজনীতির পরিচয় হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের কারণে।’
ওবামা একাধিক দোদুল্যমান রাজ্যে কমলা হ্যারিসের জন্য প্রচার চালাচ্ছেন। তিনি উপস্থিত জনতাকে বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিজের কথা ছাড়া আর কারও কথা ভাবেন না। উপস্থিতদের গান গেয়ে শোনান স্প্রিংস্টিন। পাশাপাশি তিনি সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। সবাইকে বলেন, ট্রাম্প স্বৈরশাসক হওয়ার জন্য নির্বাচন করছে। তিনি এই দেশকে, এই দেশের ইতিহাসকে এবং আমেরিকান হওয়ার কী অর্থ- তা তিনি বুঝেন না।’
প্রায় ২০ হাজার মানুষ জর্জিয়ার র্যালিতে অংশ নিয়েছিলেন। কমলা হ্যারিসের প্রচার শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, এটি এখন পর্যন্ত কমলা হ্যারিসের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ। এর আগে সেপ্টেম্বরে নর্থ ক্যারোলাইনাতে ১৭ হাজার মানুষকে নিয়ে সমাবেশ করেছিলেন কমলা।
তবে জর্জিয়ার সমাবেশে কমলা হ্যারিস বক্তব্য রাখার সময় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উঠে বের হয়ে যেতে শুরু করেন। অনেক জায়গায় ফাঁকা আসন দেখা যায়। হাড্ডাহাড্ডি নির্বাচনে ভোটার টানতে তারকাদের ব্যবহার করার বিষয়টি ফুটে উঠেছে কমলার সাম্প্রতিক সমাবেশের মধ্য দিয়ে। সূত্র: রয়টার্স