ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছে ইসলামাবাদের হাইকোর্ট। রাজধানীতে আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইসলামাবাদের হাইকোর্ট এই রায় দেয়।
ইসলামাবাদের ব্যবসায়ীদের দায়ের করা এক পিটিশনের পর চিফ জাস্টিস আমির ফারুক এই রায় দিয়েছেন।
এর আগে ইমরান খানসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদে আন্দোলনের ডাক দেয় পিটিআই।
ব্যবসায়ীদের দাবি, আন্দোলনের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে।
এ বিষয়ে জিন্নাহ সুপার ট্রেডারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আসাদ আজিজ বলেন, ‘পিটিআইয়ের আন্দোলন পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড পাবলিক অ্যাক্ট-২০২৪-এর পরিপন্থি। তাদের কোনো আনুষ্ঠানিক অনুমতিপত্রও নেই।’
এ ছাড়া আন্দোলনের কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলাও হতে পারে বলে জানান তিনি।
এ বিষয়ের সুষ্ঠু নিষ্পত্তির উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে পিটিআইয়ের নেতাদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
সাধারণ মানুষের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ জানিয়ে চিফ জাস্টিস ফারুক এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেছেন।
তবে আলোচনায় সমঝোতা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামাবাদ পুলিশকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর আদেশ দিয়েছেন তিনি।
তাই আদলতের নির্দেশে যেকোনো ধরনের মিছিল, র্যালি অথবা মানববন্ধনে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আন্দোলনের কারণে সৃষ্ট সম্ভাব্য জটিলতার একটি খসড়া আদালতে পেশ করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
তিনি জানান, ঝুঁকি এড়াতে আগামী ২৪ ও ২৫ নভেম্বর ইসলামাবাদে মোবাইল নেটওয়ার্ক সার্ভিস বন্ধ রাখা হবে।
নাকভি জানান, কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারের সমন্বয়ে আদালতের নির্দেশ কঠোরভাবে পালন করবে প্রশাসন।
এ ছাড়া আন্দোলনের ডাক দেওয়ার আগে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ অনুমতিপত্র না নেওয়ায় পিটিআইয়ের সমালোচনা করেন তিনি।
এই আন্দোলনে আফগান নাগরিক মিশে গিয়ে দাঙ্গা লাগাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন নাকভি।
তিনি জানান, অতীতে পিটিআইয়ের মিছিল থেকে গ্রেপ্তার করা বেশিরভাগই আফগানি ছিলেন।
এদিকে ২৪ নভেম্বরই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেনকোর ইসলামাবাদ সফরের দিন ধার্য করা হয়েছে।
বেলারুশের প্রেসিডেন্টসহ ৬৫ জন বিদেশি কূটনৈতিকের ইসলামাবাদে আসার বিষয়কেও গুরুত্ব দিয়েছেন আদালত।
নাইমুর/পপি/