গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।
শুক্রবার (২০ ডিসেম্বর) গাজার উপকূলে এই হামলা চালানো হয়েছে বলে রয়টার্স জানায়।
এই হামলায় নুসাইরাত শরণার্থী শিবিরে আটজন এবং জাবালিয়া শহরে অন্তত ১০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে সাতজন শিশু রয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) গাজার শরণার্থী শিবিরে থাকা শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গাজার শিশুরা ‘ঠাণ্ডা, অসুস্থ ও আঘাতপ্রাপ্ত’ বলে সতর্ক করেছে ইউনিসেফ।
এদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ৯৬ শতাংশ নারী ও শিশু তাদের মৌলিক পুষ্টির চাহিদা মেটাতে অক্ষম। এরপরও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএকে অর্থায়ন বন্ধ করার সুইডেনের সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক।
এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের পরও মধ্যস্থতাকারীরা ইসরায়েল এবং ইসলামিক গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সক্ষম হননি।
বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, কিছু বিষয়ে মতপার্থক্য থাকার কারণে কাতার ও মিসরের যুদ্ধবিরতির প্রচেষ্টা সফল হয়নি।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি অভিযানে এখন পযর্ন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। উপকূলীয় এই অঞ্চলের বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূত্র: রয়টার্স/আল-জাজিরা
তাওফিক/