জার্মানির মাগডেবার্গ এলাকায় একটি মার্কেটে বড়দিনের কেনাকাটার সময় গাড়ির নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ জন।
শুক্রবার (২০ ডিসেম্বর) এই মর্মান্তিক ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি পেশায় চিকিৎসক। তিনি সৌদি আরবের নাগরিক।
এ বিষয়ে স্যাক্সনি-অ্যানহল্ট প্রদেশের নেতা রেইনার হ্যাসেলফ বলেন, ‘এই ঘটনায় পুরো দেশকে মর্মাহত করেছে।’
মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এ ঘটনার নিন্দা ও ভুক্তভোগীদের প্রতি সহানুভূতি জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গাড়িচালক আবদুল জাওয়াদ (৫০) প্রায় দুই দশক ধরে জার্মানিতে বসবাস করছেন।
প্রাথমিক পর্যবেক্ষণ শেষে কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় জাওয়াদের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। এর জন্য তিনি একাই দায়ী।
তবে আক্রমণের পেছনে অভিযুক্তের উদ্দেশ্য জানা যায়নি।
স্থানীয় সংবাদ সংস্থার মতে, জাওয়াদের প্রতিক্রিয়াশীল পটভূমি নেই। তবে সৌদি সূত্র জানাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত ইসলামপন্থি প্রতিক্রিয়াশীল মতামত পোস্ট করতেন।
এই ঘটনার পর বোমার খোঁজে গাড়িতে তল্লাশি চালানো হলেও কোনো বিস্ফোরক পায়নি পুলিশ। এ ছাড়া অভিযুক্তের ঘরেও তল্লাশি চালিয়েছে প্রশাসন।
এ ঘটনায় শোক জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। শনিবার (২১ ডিসেম্বর) তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফিশারের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, অস্বাভাবিক গতিতে জাওয়াদের গাড়িটি একের পর এক পথচারীকে আঘাত করছে।
২০১৬ সালে রাজধানী বার্লিনে বড়দিনের মার্কেটে এরকম এক হামলায় ১২ জন প্রাণ হারিয়েছিলেন। সূত্র: রয়টার্স
নাইমুর/অমিয়/