পানামা উপকূলে সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্বরেকর্ড গড়েছেন জার্মান নাগরিক রুডিগার কোচ (৫৯)। মূলত ৩০ মিটারের একটি ক্যাপসুলের ভেতরে তিনি এ সময়টা কাটিয়েছেন। গত শুক্রবার ক্যাপসুল থেকে বের হয়ে আসেন কোচ।
রুডিগার কোচ বের হয়ে আসার সময় সেখানে উপস্থিত ছিলেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক সুজানা রেয়েস।
এর আগে পানির নিচে সর্বোচ্চ সময় অবস্থানের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক জোসেফ দিতুরির। তিনি ফ্লোরিডার এক লেকে নিজের রেকর্ডটি করেন। মোট ১০০ দিন পানির নিচে অবস্থান করেছিলেন তিনি।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক সুজানা কোচের নতুন রেকর্ড গড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সমুদ্রের ৩৬ ফুট গভীরে থাকা ক্যাপসুল থেকে বের হয়ে কোচ বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটা দুঃসাহসিক কাজ ছিল, যা শেষ হয়েছে। অভিজ্ঞতা দারুণ ছিল, যেখানে সবকিছু শান্ত ও অন্ধকারময়। সমুদ্র সেখানে জ্বলজ্বল করে। পোর্টহোলের মাধ্যমে সমুদ্রের দৃশ্য দেখেছেন বলেও জানান রুডিগার কোচ।
কোচ বলেন, এই অভিজ্ঞতার বর্ণনা দেওয়া অসম্ভব। আপনাকে নিজে অভিজ্ঞতাটি অর্জন করতে হবে।
রুডিগার কোচের ৩০ মিটার ওই ক্যাপসুলে একটা বিছানা, একটা টয়লেট, টিভি, কম্পিউটার ও ইন্টারনেটের সুবিধা ছিল। সঙ্গে শরীরচর্চার সাইকেলও ছিল।
কোচ শুধু বিশ্বরেকর্ড করার জন্য কাজটি করেননি। মানুষের সমুদ্রে আবাস গড়ে তোলা সম্পর্কিত নতুন ধারণাকে উৎসাহিত করতে চান তিনি। এটি যে করা সম্ভব, সেটি প্রমাণ করার জন্যই এ কাজ করেছেন কোচ। সমুদ্রের তলদেশে তিনি যা যা করেছেন, সেগুলো চারটি ক্যামেরায় ধারণ করা হয়েছে। কোচের এই রেকর্ডের পর নতুন করে পানির নিচে বসবাসের বিষয়টি সামনে চলে এসেছে। সূত্র: রয়টার্স