বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুর্নীতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে দুর্নীতি পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি। বার্তা সংস্থা এএফপি এই সংবাদ প্রকাশ করে।
টিআই সতর্ক করে জানিয়েছে, দুর্নীতি জলবায়ু সম্পর্কিত আন্তর্জাতিক সহযোগিতা এবং কার্যক্রমকে বিপথগামী করতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিআইয়ের ২০২৪ সালের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) অনুসারে, জলবায়ু কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর স্কোর আগের তুলনায় কমেছে, যা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সমস্যা সৃষ্টি করতে পারে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সিইও মাইরা মার্টিনি এক বিবৃতিতে বলেন, ‘দুর্নীতি কেবল নীতিমালা তৈরি করতেই সীমাবদ্ধ নয়, বরং এটি নীতিমালাগুলোর নিয়ন্ত্রণ ও ভারসাম্য ভেঙে ফেলতে নির্দেশনাও দিয়ে থাকে।’
তিনি আরও বলেন, ‘জরুরি ভিত্তিতে দুর্নীতি নির্মূল না করলে, এটি অর্থপূর্ণ জলবায়ু কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে বিপথগামী করতে পারে।’
প্রতিবেদনটি উল্লেখ করে, দুর্নীতি বিশ্ব উষ্ণায়ন মোকাবিলার জন্য নির্ধারিত তহবিলকে অন্য উদ্দেশে ব্যবহার করতে পারে এবং পরিবেশগত নিয়ন্ত্রণ বাস্তবায়নকে দুর্বল করে দিতে পারে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় প্রতিবন্ধকতা তৈরি করে।
এই বার্ষিক প্রতিবেদনে, সরকারি খাতে দুর্নীতির ঝুঁকি বেশি- এমন দেশগুলোকে ০ থেকে ১০০ স্কেলে কম স্কোর দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের জাতিসংঘের কপ-৩০ জলবায়ু আলোচনার আয়োজক দেশ ব্রাজিল পেয়েছে মাত্র ৩৪ স্কোর, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন রেটিং। সূত্র: এএফপি
বাসস/তাওফিক/