ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে গাজার যুদ্ধবিরতি শর্ত মেনে জিম্মিদের মুক্তি দেওয়া এবং পুনরায় গাজায় যেন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয় সেটির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
জাতিসংঘের মহাসচিব হুঁশিয়ারি দিয়ে জানান, গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কারণে নতুন করে সংঘাত শুরু হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
গুতেরেস বলেন, ‘গাজায় নতুন করে সংঘাত ঠেকানো জরুরি। উভয় পক্ষের উচিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা এবং দোহায় আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করা।’
এদিকে সোমবার হামাস ঘোষণা দিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তারা বন্দি বিনিময় স্থগিত রাখবে। এই সিদ্ধান্ত সংঘাত ফের শুরু হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
গত তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছিল। তবে সোমবার হামাস জানায়, তারা আপাতত এই প্রক্রিয়া স্থগিত রাখছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, দোহায় চলমান শান্তি আলোচনার পর ইসরায়েলি প্রতিনিধিরা দেশে ফিরেছে। কাতার ও মিসরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেন, ‘হামাস যদি শনিবার দুপুরের মধ্যে সব বন্দিকে মুক্তি না দেয়, তাহলে আমি ইসরায়েলকে যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব দেব এবং যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যাব।’
এ বিষয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, ‘ট্রাম্পকে মনে রাখতে হবে, ইসরায়েলি বন্দিদের মুক্তির একমাত্র উপায় হলো যুদ্ধবিরতি মেনে চলা।’ সূত্র: রয়টার্স
তাওফিক/