দীর্ঘ ২৮৫ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তার ফিরে আসাতে গোটা পৃথিবীর মানুষই যেন একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এবার ভারতকন্যা সুনীতাকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন তার দেশের গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১৮ মার্চ) সামনে আসে সেই চিঠি। ভারতীয় প্রধানমন্ত্রী সুনীতার উদ্দেশে লিখেছেন, ‘ভারতের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ আপনাকে নিয়ে দারুণ গর্বিত। আপনি আমাদের থেকে হাজার কিলোমিটার দূরে থাকলেও আমাদের হৃদয়ের একদম কাছাকাছিই আছেন।’
তবে চিঠিটি মঙ্গলবার সামনে আসলেও মোদি সেটি লিখেছেন ১ মার্চ। তখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছিলেন সুনীতা। তখনও তার পৃথিবীতে ফেরার যাত্রা শুরু হয়নি।
চিঠিতে নরেন্দ্র মোদি নাসার অন্য এক মহাকাশচারীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লিখেন, ‘সুনীতা, সদ্য দিল্লিতে এক বৈঠকে নাসার মহাকাশচারী মাইক মাসিমিনোর সঙ্গে দেখা হয়। তখনই আপনার প্রসঙ্গ ওঠে। আমরা আপনাকে নিয়ে, আপনার কাজ নিয়ে যে কতটা গর্বিত সেখানে সেই আলোচনাই হয়।’
এমনকি, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও দেখা হলেও তিনি সুনীতার খোঁজ নেন, মোদি চিঠিতে সেটিও জানান ।
এছাড়া সুনীতার পরিবারকেও শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি লিখেন, ‘আপনার মা (বনি পাণ্ডে) আপনার জন্য অপেক্ষা করে আছেন। আমি নিশ্চিত আপনার প্রয়াত বাবার আর্শীবাদও আপনার সঙ্গে রয়েছে। মিস বনি পাণ্ডে ও দীপকভাইয়ের সঙ্গে ২০১৬-এ আমার একবার দেখা হয়। সেই দিনটা আমার আজও মনে আছে।’
এরপর সুনীতা উইলিয়ামসের স্বামীকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
একইসঙ্গে নরেন্দ্র মোদি সুনীতা উইলিয়ামসকে ভারতে আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, ‘দেশ আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে সামনাসামনি দেখতে ভারতের মানুষ উদগ্রীব। ঘরের মেয়েকে বরণ করার অপেক্ষায় দেশ।’ সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
দিনা/অমিয়/