স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি মারা গেছেন। তিনি ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হানের মৃত্যুর পর জুন ইয়ং-হিউনকে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী নিযুক্ত করা হয়।
কোম্পানিটি গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
হান দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনহা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে স্যামসাংয়ের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রতিষ্ঠাতা লি বাইং-চুলের মৃত্যুর পরপরই কোম্পানিটিতে যোগদান করেন।
কোম্পানির মুখপাত্র জানান, মৃত্যুর সময় হান স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্যামসাং সিউল হাসপাতালের ফিউনারেল হলে তার শেষকৃত্য হবে।
স্যামসাং বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এটি বৈদ্যুতিক গাড়ি এবং স্মার্টওয়াচ থেকে শুরু করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভার পর্যন্ত সবকিছুতে ব্যবহৃত মেমোরি চিপের বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
দিনা/অমিয়/