গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ধর্মঘট পালনের জন্য সারাবিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে গাজাবাসী। ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর পুরো বিশ্ব।
চলমান ধর্মঘটের মধ্যেই গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। রকেট নিক্ষেপের পরপরই হামাস রকেট নিক্ষেপের দায় স্বীকার করে।
গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতি হয়। হামলার পর রাস্তায় ভাঙা গাড়ির জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ভিডিও ফুটেজে দেখা যায়।
তবে প্রাণহানির তথ্য পাওয়া না গেলেও এই হামলায় অনেক ইসরায়েলির আহত হওয়ার খবর পাওয়া যায়।পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের এই হামলার কঠোর জবাব দিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দেন।
সোমবার (৭ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স এবং টাইমস অব ইসরায়েল।
হামাস ইসরায়েলের আশদোদ শহরের দিকে ১০টি রকেট নিক্ষেপ করার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে উইং অব জায়ন বিমান থেকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাথে ফোনে কথা বলেন। জানা গিয়েছে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।
টাইমস অব ইসরায়েল বলছে, রোববার রাতে দক্ষিণ ইসরায়েলে হামাস ১০টি রকেট নিক্ষেপ করে। যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা। এরপর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইসরায়েলে রকেট হামলার জন্য ব্যবহৃত রকেট লঞ্চার লক্ষ্য করে ড্রোন হামলা চালায়।
আইডিএফ দাবি করে, দশটি রকেটের মধ্যে ৫টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়। অন্য ৫ টির মধ্যে অন্তত একটি আশকেলনে আঘাত হানে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়। ৩০ বছর বয়সী এক ব্যক্তি হালকা আহত হন এবং তাকে শহরের বারজিলাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এরপর এদিন রাত ৯টার পরপরই গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ থেকে উপকূলীয় শহর আশকেলন এবং আশদোদের দিকে রকেট নিক্ষেপ করা হয়। যদিও গাজায় এই এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে না বলে সংবাদমাধ্যমটি দাবি করে।
এদিকে নেতানিয়াহুর সাথে কথা বলার পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘তিনি হামাসের বিরুদ্ধে তাদের নতুন আক্রমণাত্মক অভিযান সম্প্রসারণের জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছেন। এই হামলার অপরাধে ফিলিস্তিনি এই গোষ্ঠীকে চড়া মূল্য দিতে হবে।‘
পৃথক এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, গাজায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়ায় রবিবার ( ৬ মার্চ) ইসরায়েলের দক্ষিণের শহরগুলোতে রকেটের ব্যারেজ নিক্ষেপ করা হয় বলে জানায় হামাস।
এদিকে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত রবিবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হন। সূত্র: রয়টার্স এবং টাইমস অব ইসরায়েল
দিনা