চীন ছাড়া বাকি সব দেশের উপর আরোপিত অতিরিক্তি শুল্ক আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। অথচ শেষ মুহূর্ত পর্যন্ত এই শুল্কনীতি শিথিলের কোনো লক্ষণ দেখায়নি ট্রাম্প প্রশাসন।
এই পোস্টে ট্রাম্প জানান,'নিজের অন্তরের কথা শুনে আচমকাই নাকি তিনি এই সিদ্ধান্ত নেন। এছাড়াও ট্রাম্প বলেন, আমি যা করেছি, অন্য কোনো প্রেসিডেন্ট তা করতেন না।’
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, বিভিন্ন দেশের উপর পৃথকভাবে যে 'পারস্পরিক’ শুল্ক আরোপ করেন, সেটি ৯০ দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মার্কিন আমদানি পণ্যে নতুন আরোপিত ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে।
ট্রাম্প বলেন, ‘গত কয়েক দিন ধরেই শুল্কের বিষয়গুলো নিয়ে ভাবছি। বোধহয় আজ সকালেই আমার কাছে সব স্পষ্ট হয়ে ওঠে। তখন কোন আইনজীবীর সঙ্গে পরামর্শের সময়ও ছিল না। কেবল নিজের অন্তরের কথা শুনে যেটি সঠিক মনে হয় সেটাই করেছি।'
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে মিলে ট্রাম্প এই পোস্ট লিখেন বলে জানান লুটনিক। তবে অনেক রিপাবলিকান আইনপ্রণেতার কাছেই এই ঘোষণা ছিল বিস্ময়কর।
স্থগিতাদেশের পর ট্রাম্প প্রশাসনের হয়ে সংবাদমাধ্যমের সামনে সবার আগে হাজির হন বেসেন্ট। তিনি বলেন, ‘বাজারের অস্থিরতার কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে আলাদাভাবে চুক্তি করার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।'
তিনি আরও বলেন, ‘প্রতিটি সমস্যার সমাধান হবে আলাদা। তাই, এ কাজে বেশ কিছুটা সময় প্রয়োজন। পুরো প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নিজে যুক্ত থাকতে চান বলেই ৯০ দিনের বিরতি দেওয়া হয়।'
অবশ্য কিছু সময় পর ট্রাম্পের দেওয়া বক্তব্যে কিছুটা ভিন্নতা স্পষ্ট হয়। তিনি বলেন, ‘শেয়ার বাজারের সর্বশেষ অবস্থা যাচাই করতে গিয়ে দেখি, মানুষ অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়েছে। গত কয়েক দিন অবস্থা ছিল বেশ হতাশাজনক। কিন্তু এখন সবাই বলছে, এটি নাকি আর্থিক ইতিহাসের সবচেয়ে বড় দিন। এটা বেশ বড় পরিবর্তন।' সূত্র: দ্য গার্ডিয়ান
সুলতানা দিনা