পাহালগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সরাসরি সমালোচনা না করে যুক্তরাষ্ট্র ভারতকেই একপ্রকার সমর্থন করে আসছে। প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই হামলার নিন্দা করে সংহতি প্রকাশ করেন।
তবে এবার ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতি 'দায়িত্বশীল সমাধানের' পথে এগিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বর্তমানে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কার্যত চরমে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো।
সোমবার (২৮ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জনায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
গত রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ওয়াশিংটন এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তান - উভয় দেশের সরকারের সঙ্গেই বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘চলমান এই পরিস্থিতির অগ্রগতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তান - দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছি।'
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতকে সমর্থন জানিয়ে পাহালগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে, তবে এখন পর্যন্ত পাকিস্তানের সরাসরি কোনো সমালোচনা করেনি।‘
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন জানায় এবং পাহালগামে ঘটে যাওয়া জঘন্য সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানায়'।
এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যেরই পুনরাবৃত্তি। সূত্র: রয়টার্স এবং ইন্ডিয়ান এক্সপ্রেস
দিনা/অমিয়/