নিউ ইয়র্কের পেনসিলভেনিয়া থেকে হঠাৎ নিখোঁজ হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত দুই বৃদ্ধ দম্পতি। গত পাঁচদিন ধরে তাদের কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। গত ২৯ জুলাই পেনসেলভেনিয়ার এরি শহরের একটি বার্গার কিং রেস্তোরায় তাদের শেষ অবস্থান পাওয়া যায়। তারপর থেকেই এই নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হয়ে যাওয়া আশা দিওয়ান, কিশোর দিওয়ান, শৈলেন দিওয়ান এবং গীতা দিওয়ানের বয়স ৮০ বছরের উপরে। নিউ ইয়র্কের বাফেলো শহর থেকে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে প্রভুপাদের প্যালেস অফ গোল্ডে যাওয়ার কথা ছিল তাদের। যাওয়ার পথেই শেষবার এরি শহরের বার্গার কিং রেস্তোরার সামনে দাঁড়িয়েছিলেন। এরপর থেকেই রহস্যজনকভাবে তারা নিখোঁজ ছিলেন।
সোমবার (৪ আগস্ট) কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম ভার্জিনিয়ায় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় এই চার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নিহত হয়েছেন।
মার্শাল কাউন্টি শেরিফ মাইক ডগার্টি এক বিবৃতিতে জানান, কিশোর দিভান, আশা দিভান, শৈলেশ দিভান এবং গীতা দিভানকে গাড়ি দুর্ঘটনার পর মৃত অবস্থায় পাওয়া গেছে।
বিবৃতিতে আরো বলা হয়, নিউ ইয়র্কের বাফেলো থেকে চারজন নিখোঁজ হন বলে জানা গেছে। তাদের গাড়িটি ২রা আগস্ট রাত আনুমানিক ৯:৩০ মিনিটে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টির একটি রাস্তার ধারে একটি খাড়া বাঁধের উপর পাওয়া যায়।
প্রাথমিক উদ্ধারকারীরা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে ঘটনাস্থলে ছিলেন। ডগার্টি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের অফিসের এশিয়ান আমেরিকান এবং প্যাসিফিক আইল্যান্ডার অ্যাফেয়ার্সের পরিচালক সিবু নায়ার গত শনিবার ফেসবুকে 'নিখোঁজ ব্যক্তি - দয়া করে সাহায্য করুন' লিখে চার প্রবীণ ব্যক্তিকে খুঁজে পেতে সাহায্য চেয়েছিলেন।
সুলতানা দিনা/