ধর্মীয় আলোচনার জন্য পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসেও সক্রিয় হয়ে উঠেছেন ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক বক্তা ড. জাকির নায়েক। এরই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার বালিতে ৪৩০ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
বালির সমুদ্রসৈকতে একটি উঁচু প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দিয়ে তিনি এই বাঞ্জি জাম্প সম্পন্ন করেন। একই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এও অংশ নেন, যা থেকে বোঝা যায় যে তিনি শারীরিকভাবে চ্যালেঞ্জিং অভিজ্ঞতাও উপভোগ করছেন।
এর আগেও তিনি ২০২৪ সালে উগান্ডা সফরের সময় ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেছিলেন।
পাকিস্তান সফর ও সম্মাননা
২০২৪ সালের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল তার পাকিস্তান সফর। সে সময় করাচি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শিক্ষায় অবদানের জন্য তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানটি হয় সিন্ধ প্রদেশের গভর্নর হাউসে, যেখানে দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সফরকালে তিনি করাচি, লাহোর ও ইসলামাবাদে বিভিন্ন ধর্মীয় সমাবেশ ও সভায় অংশগ্রহণ করেন।
ড. জাকির নায়েকের এই অ্যাডভেঞ্চার ও আন্তর্জাতিক সফর তার ব্যক্তিগত জীবনের ভিন্ন এক দিক তুলে ধরছে, যা তার অনুসারীদের জন্যও উৎসাহব্যঞ্জক হয়ে উঠেছে। সূত্র: জিও নিউজ
মেহেদী/