অ্যামাজনের ক্লাউড সার্ভিস ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) বড় ধরনের গ্লোবাল আউটেজ বা সিস্টেম বিপর্যয় দেখা দিয়েছে।
এর ফলে সোমবার (২০ অক্টোবর) বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানেরসংযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়। একারণে ফোর্টনাইট, স্ন্যাপচ্যাচসহ বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ সাময়িকভাবে কাজ বন্ধ করে দেয়।
এডব্লিউএস তাদের স্ট্যাটাস পেজে জানায়, আমরা বর্তমানে ইউএস-ইস্ট-১ অঞ্চলের একাধিক সার্ভিসে ত্রুটি এবং ল্যাটেন্সি (সাড়া দিতে দেরি) লক্ষ্য করছি।
এ বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেইজএবং ট্রেডিং অ্যাপ রবিনহুড।
পারপ্লেক্সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ শ্রীনিবাস এক্সে লিখেন, পারপ্লেক্সিটি বর্তমানে বন্ধ আছে। মূল কারণ হলো এডব্লিউএসের সমস্যা। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
এডব্লিউএস সারা বিশ্বের প্রতিষ্ঠান, সরকার এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের অন-ডিমান্ড কম্পিউটিং পাওয়ার, ডাটা স্টোরেজ এবং অন্যান্য ডিজিটাল সার্ভিস সরবরাহ করে। তাই এডব্লিউএসের সার্ভারে সামান্য সমস্যাও হলে, তার প্রভাব পড়ে হাজার হাজার ওয়েবসাইট ও অ্যাপে, যারা তাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে।
এডব্লিউএস মূলত গুগল ক্লাউড ও মাইক্রোসফট আজুর-এর সঙ্গে প্রতিযোগিতা করে।
তবে অ্যামাজন বা এডব্লিউএস- দু’পক্ষই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি। বিপর্যয়ের কারণে অ্যামাজনের প্রধান শপিং ওয়েবসাইট প্রাইম ভিডিও, এবং অ্যালেক্সা ডিভাইসেও ত্রুটি দেখা গেছে বলে জানিয়েছে ডাউনডিটেক্টর।
এটি একটি ওয়েবসাইট- যা অনলাইন আউটেজ ট্র্যাক করে। এ ছাড়া জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্মগুলো- ফোর্টনাইট (এপিক গেমস), রোবলক্স, ক্ল্যাশ রয়েল এবং ক্ল্যাশ অব ক্লান্স- সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
একই সঙ্গে আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম পেপলের ভেনমো এবং চাইমও সমস্যায় পড়ে। রাইড-শেয়ারিং অ্যাপ লিফটের হাজার হাজার ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে অ্যাপটি ব্যবহার করতে পারেননি। মেসেজিং অ্যাপ সিগন্যালের প্রেসিডেন্ট মেরিডিথ হুইটাকারও এক্সে নিশ্চিত করেছেন, তাদের প্ল্যাটফর্মও এই এডব্লিউএস আউটেজের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুলতানা দিনা/