বিশ্ব বনায়ন ও পরিবেশ সংরক্ষণে অবদানের ক্ষেত্রে শীর্ষ ৪ দেশে স্থান করে নিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানান, তুরস্ক এখন বিশ্বের শীর্ষ চার দেশের মধ্যে একটি হিসেবে স্বীকৃত, বনায়নের মাধ্যমে নেট জিরো লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলছে।
সোমবার (১১ নভেম্বর) জাতীয় বনায়ন দিবসের অনুষ্ঠানে এরদোগান ঘোষণা দেন, ২৩ বছরের মধ্যে দেশটি ৭.৫ বিলিয়ন চারা ও বীজ রোপণ করেছে, যার ফলে বনাঞ্চল বৃদ্ধি পেয়ে ২৩.৪ মিলিয়ন হেক্টরে দাঁড়িয়েছে, যা দেশের ৩০ শতাংশ ভূমির সমান।
তিনি জানান, এই উদ্যোগ তুরস্কের গভীর পরিবেশবান্ধব মূল্যবোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিশ্রুতির প্রতিফলন।
তিনি আরও বলেন, “আমি সবসময় বলি, আমরা এমন একটি ধর্মের অংশ যারা বলে, ‘যদি জানো যে পৃথিবী আগামীকাল শেষ হবে, তবুও হাতে থাকা চারা রোপণ কর’।“ এসম্নয় তিনি বনাঞ্চলকে শুধুমাত্র গাছ নয়, দেশের জীবন ও প্রাণশক্তির উৎস হিসেবে উল্লেখ করেন।
এরদোগান আরো জানান, তুরস্ক ২০২০ সালে বিশ্বে বনায়নের ক্ষেত্রে ষষ্ঠ স্থানে ছিল এবং ২০২৫ সালে এটি চতুর্থ স্থানে উন্নীত হয়েছে। বার্ষিক বনায়নের পরিমাণের দিক থেকে তুরস্ক তৃতীয় স্থানে উঠে এসেছে। তিনি ১৬০ জন বনকর্মীর প্রতি শ্রদ্ধা জানান, যারা বন অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রাণ হারিয়েছেন, এর মধ্যে চলতি গ্রীষ্মে ১৭ জনও ছিলেন।
সুলতানা দিনা/