অধিকৃত পশ্চিম তীরে গতকাল বৃহস্পতিবার রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর নিজের গাড়ি স্বেচ্ছায় তুলে দিয়েছে একজন ইসরায়েলি রিজার্ভিস্ট (সংরক্ষিত বাহিনীর) সেনা। এর কিছুক্ষণ আগে ওই এলাকায় তিনি গুলিও ছুড়েছিলেন বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, একজন সশস্ত্র ব্যক্তি একজন ফিলিস্তিনির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন—এমন একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। বিবৃতিতে আরও জানানো হয় যে, ওই ব্যক্তি একজন রিজার্ভিস্ট সেনা ছিলেন এবং বর্তমানে তাকে সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সামরিক বাহিনী জানিয়েছে, ওই সেনা তার ‘কর্তৃত্বের চরম লঙ্ঘন’ করেছেন এবং তার অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে বর্তমানে গৃহবন্দি করে রাখা হয়েছে।
আক্রান্ত ফিলিস্তিনি ব্যক্তি ঘটনার পর পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তবে তিনি গুরুতর আহত হননি এবং বর্তমানে নিজ বাড়িতে আছেন।
ফিলিস্তিনি টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, কাঁধে বন্দুক ঝুলানো ও সাধারণ পোশাকে থাকা এক ব্যক্তি একটি ‘অফ-রোডিং’ গাড়ি নিয়ে রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তির ওপর গাড়িটি চালিয়ে দিচ্ছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হামলার দিক থেকে চলতি বছরটি ইতিহাসের অন্যতম সহিংস বছর ছিল। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এ বছর এসব হামলায় ৭৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
জাতিসংঘের আরও হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৭ অক্টোবরের মধ্যে পশ্চিম তীরে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর অভিযানে এবং কিছু মানুষ বসতি স্থাপনকারীদের (settlers) সহিংসতার কারণে। একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় ৫৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স
মাহফুজ/