পারস্য উপসাগরে জ্বালানি পাচারবিরোধী এক সাঁড়াশি অভিযানে দুটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই ঘটনার রেশ ধরে ইরানের সাবেক এক প্রভাবশালী মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলটি মার্কিন বাহিনীর জন্য ‘নরক’ হয়ে উঠবে।
১০ লাখ লিটারের (১ মিলিয়ন) বেশি জ্বালানি জব্দ ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA) জানায়, আইআরজিসি নেভি পারস্য উপসাগরের কৌশলগত ‘ফারসি’ দ্বীপের কাছ থেকে জাহাজ দুটিকে আটক করে। তল্লাশি চালিয়ে জাহাজগুলোতে ১০ লাখ লিটারেরও বেশি পাচারকৃত জ্বালানি পাওয়া গেছে। অভিযানে জাহাজে থাকা ১৫ জন বিদেশি ক্রুকে আটক করে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইআরজিসি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে, এই পাচারকারী চক্রটি গত কয়েক মাস ধরে সক্রিয় ছিল। দীর্ঘ সময় ধরে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অপারেশন পরিচালনার পর জাহাজ দুটিকে শনাক্ত ও গতিরোধ করা হয়।
যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি এদিকে, আজ বৃহস্পতিবার এক কড়া বিবৃতিতে ইরানের সাবেক মন্ত্রী এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি (IRIB)-এর সাবেক প্রধান এজাতুল্লাহ জারঘামি বলেন, ‘আমি নিশ্চিত যে, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের জন্য একটি গণকবর এবং নরক হিসেবে প্রমাণিত হবে।’
তিনি আরও বলেন, ‘ইরান প্রমাণ করে দেবে যে হরমুজ প্রণালী ঐতিহাসিকভাবেই ইরানের। আমেরিকানরা এখন শুধু তাদের জাহাজগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার চিন্তাই করতে পারে।’
সাম্প্রতিক এই ঘটনা এবং উচ্চবাচ্য পারস্য উপসাগরে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: জেরুজালেম পোস্ট
মাহফুজ/